নিউজ পোল ব্যুরো: ‘ভারত আর পাকিস্তানের (India-Pakistan) পরমাণু ব্ল্যাকমেলের সামনে নত স্বীকার করবে না’, দৃঢ় বার্তা সংসদে। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাহসী অভিযানের পর এবার এনডিএ-র সংসদীয় বৈঠকে পাশ হল একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, যেখানে সেনার বীরত্বকে কুর্নিশ জানানো হল এবং পাকিস্তানের পরমাণু চাপ সৃষ্টি করার কৌশলকে স্পষ্ট প্রত্যাখ্যান করা হল। বৈঠকে এনডিএ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) অপারেশন সিঁদুরের সফল রূপায়ণের জন্য সংবর্ধনা জানান। পাশাপাশি, অধিবেশনে বিরোধীদের ‘অসংবেদনশীল’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণেরও তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী (PM Modi) নিজে। দেশপ্রেম, নিরাপত্তা ও কূটনীতির প্রশ্নে সরকারের অবস্থান যে আপসহীন বার্তা দিয়ে রাখলেন তিনি।
আরও পড়ুন: India Russia Oil: ভারত-রাশিয়া তেল বাণিজ্য ও মার্কিন অবস্থান, ভণ্ডামি না কূটনৈতিক কৌশল?
২২ এপ্রিল, পহেলগাঁও হামলার (Pahalgam Issue) পর পালটা জবাব দিতে ভারতীয় সেনা ৬ থেকে ৭ মে চালায় ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে ধ্বংস করা হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি, যেখানে প্রাণ হারায় শতাধিক জঙ্গি। সামরিক কৌশল ও প্রত্যাঘাতের নিরিখে এই অভিযানকে মোদী (PM Modi) সরকার এক ঐতিহাসিক সাফল্য হিসেবেই তুলে ধরেছে। মঙ্গলবার সংসদে এনডিএ-র বৈঠকে সেই সাফল্য ঘিরে তৈরি হয় উচ্ছ্বাসের আবহ। বৈঠকে প্রবেশ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) মালা পরিয়ে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বিজেপি ও শরিক দলগুলির নেতারাও করতালিতে যোগ দেন। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে কেঁপে ওঠে বৈঠকস্থল।
বৈঠকে সর্বসম্মতিক্রমে পাশ হয় একটি প্রস্তাব যেখানে স্পষ্ট করে জানানো হয়, ভারত কোনওভাবেই পাকিস্তানের ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ বরদাস্ত করবে না। ভবিষ্যতেও যদি এরকম জঙ্গি ঘাঁটি পারমাণবিক ভয় দেখিয়ে আড়াল করতে চায়, তাহলে ভারত অতীতের মতোই চূড়ান্ত এবং নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানাবে। এছাড়াও আলোচনায় উঠে আসে দেশের উপরাষ্ট্রপতির শূন্যপদ নিয়েও। জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ইস্তফার পর এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে কে আসবেন, তা নিয়ে প্রধানমন্ত্রী উপস্থিতিতে হয় বিস্তারিত আলোচনা। নির্বাচন কৌশল ও এনডিএ-র সাংসদ সংখ্যা নিয়েও হয় চুলচেরা বিশ্লেষণ।
বৈঠকে ভাষণ দিতে গিয়ে মোদী তুলে ধরেন এনডিএ সরকারের নানা সাফল্য, ৩৭০ ধারা বিলোপ, রাম মন্দির নির্মাণ, এবং সীমান্তে কূটনৈতিক ও সেনা কৌশলের জোরালো প্রয়োগ। পাশাপাশি বিরোধীদের কার্যকলাপ নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, “এমন বিরোধী আর কোথায় আছে, যারা নিজের পায়ে নিজেই কুড়ুল মারে!” তিনি দুঃখপ্রকাশ করেন, বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হইচইয়ের কারণে একটিও বিল পাশ করানো যায়নি। বিশেষ করে ‘এসআইআর’ (বিশেষ নিবিড় সংশোধন) ইস্যুতে সংসদের ভিতর ‘অযথা বিশৃঙ্খলা’ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
