India Russia Oil: ভারত-রাশিয়া তেল বাণিজ্য ও মার্কিন অবস্থান, ভণ্ডামি না কূটনৈতিক কৌশল?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে ভারত ও রাশিয়ার জ্বালানি (India Russia Oil) বাণিজ্যকে ঘিরে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এক ধরনের দ্বিচারিতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যেখানে প্রকাশ্যে ভারতকে রাশিয়ার সঙ্গে তেল কেনাবেচা নিয়ে হুমকি দিচ্ছেন, সেখানে ওয়াশিংটনেই (Washington) নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির (Eric Garcetti) পুরনো মন্তব্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। একটি ভাইরাল ভিডিওতে গারসেটি স্পষ্ট করে বলেছেন, রাশিয়ান তেল আমদানিতে নয়াদিল্লিকে (New Delhi) উৎসাহিত করেছিল ওয়াশিংটন নিজেই, বৈশ্বিক তেলের দাম স্থিতিশীল রাখতে।

আরও পড়ুন: Sikkim: ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, বুধবার পর্যন্ত বন্ধ, উদ্বেগে স্থানীয়রা

গারসেটির (Eric Garcetti) মন্তব্য ছিল, “ভারত রাশিয়ান তেল (India Russia Oil) কিনেছে কারণ আমরা চাইছিলাম কেউ মূল্যসীমার মধ্যে থেকে তেল কিনুক এটা ছিল আমাদের কৌশলগত নীতির অংশ।” শুধু তাই নয়, ২০২২ সালে তৎকালীন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেনও বলেছিলেন, ভারত রাশিয়ান তেল (India Russia Oil) কিনতে স্বাধীন—চাই তা মূল্যসীমার ভিতরে হোক বা বাইরে। এমন অবস্থানে হঠাৎ করে ট্রাম্পের হুমকি ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্ককে উত্তপ্ত করেছে।

ভারতও দৃঢ়ভাবে তার অবস্থান ব্যাখ্যা করেছে। নয়াদিল্লি জানিয়েছে, জ্বালানি আমদানির সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, বাজারের গতিশীলতা এবং দেশের জনগণের জন্য সাশ্রয়ী জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করার ওপর ভিত্তি করেই নেওয়া হয়। ভারতের বক্তব্য, “যে দেশগুলি আমাদের সমালোচনা করছে, তারাও নিজেরাই রাশিয়ার সাথে বাণিজ্যে জড়িত, তবে আমাদের মতো জাতীয় প্রয়োজনে নয়।” ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, এমনকি শুল্ক হার ১০০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। এই প্রেক্ষাপটে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাও স্থগিত হয়েছে, তবে ভারত জানিয়েছে, তারা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু জাতীয় স্বার্থে কোনও আপস করবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole