শুল্ক চাপেও স্থির ভারতীয় অর্থনীতি, আশাবাদী RBI

দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: বিশ্বব্যাপী বাণিজ্য অস্থিরতার আবহে যখন বড় অর্থনীতি গুলি শঙ্কার মুখে, তখন ভারতীয় অর্থনীতি সম্পর্কে আশাবাদী রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রফতানি পণ্যের উপর শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিলেও, RBI-এর মতে এর প্রভাব ভারতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে পড়বে না।

আরও পড়ুন: Donald Trump: তেল-কূটনীতি নিয়ে তোপে ট্রাম্প! সতর্কবার্তা এল নিজের দলের অন্দর থেকেই

বুধবার RBI-এর মুদ্রানীতি কমিটি (MPC)-র বৈঠকে রেপো রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা বজায় থাকলেও ভারতের সামষ্টিক অর্থনৈতিক ভিত যথেষ্ট মজবুত। ভূ-রাজনৈতিক চাপ কিছুটা কমলেও ট্রেড-পলিসির অস্থিরতা মাথাচাড়া দিচ্ছে, তবে ভারত তাতে এখনও স্থির ও ভারসাম্যপূর্ণ। রেপো রেট অপরিবর্তিত থাকায় স্বস্তিতে রয়েছেন ঋণগ্রহীতারা। বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুমে গৃহঋণের চাহিদা বাড়তে পারে, যা রিয়েল এস্টেট ও খুচরো বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার ৬.৫ শতাংশে স্থির থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আরবিআই। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি ৬.৫%, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৭%, তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে তা যথাক্রমে ৬.৬% ও ৬.৩% হতে পারে। এই ধারাবাহিকতা প্রমাণ করে যে, বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মাঝেও ভারতীয় বাজারে স্থায়িত্ব ও বিকাশের সম্ভাবনা প্রবল। আরবিআই আরও জানিয়েছে, চতুর্থ কোয়ার্টারে খুচরো মূল্যস্ফীতি ৪ শতাংশের সামান্য উপরে থাকতে পারে, তবে তা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। সবমিলিয়ে, শুল্ক-আঘাতের আশঙ্কা থাকলেও ভারতের আর্থিক নীতিনির্ধারকরা ভরসা রাখছেন দেশের অভ্যন্তরীণ চাহিদা ও স্থিতিশীল নীতির উপর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole