Brahmos: চিনের প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়ে ইন্দোনেশিয়াকে ‘ব্রহ্মোস’ দিচ্ছে ভারত, আতঙ্কে পাকিস্তান

দেশ

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে নতুন অধ্যায় রচনার পথে ভারত। বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মোস’ (Brahmos) এবার পৌঁছাতে চলেছে ইন্দোনেশিয়ার হাতে। প্রতিরক্ষা সূত্রে খবর, ভারত ও ইন্দোনেশিয়ার (Indonesia) মধ্যে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। শুধু রাশিয়ার আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা। এই চুক্তি কার্যকর হলে দক্ষিণ চিন সাগরে ভারতের প্রভাব আরও দৃঢ় হবে, আর পাকিস্তান ও চিন দু’দেশেরই রাতের ঘুম উড়ে যাবে।

আরও পড়ুন: Rahul Gandhi: হরিয়ানার ভোটে ‘ব্রাজিলিয়ান হ্যান্ডস’, রাহুলের বিস্ফোরক অভিযোগ

‘ব্রহ্মোস’ (Brahmos) শুধু ভারতের গর্ব নয়, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে এক বড় বদল আনতে চলেছে। প্রতিরক্ষা মহলের মতে, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্র পৌঁছালে চিনের আগ্রাসী কৌশল কার্যত বাধার মুখে পড়বে। ভারতীয় কূটনীতিকরা বলছেন, এ শুধু অস্ত্র বিক্রির চুক্তি নয় আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শিল্পের বিশ্বব্যাপী শক্তি প্রদর্শনের সুযোগ।

প্রসঙ্গত, কয়েক বছর আগে ফিলিপিন্সের (Philippines) সঙ্গে ‘ব্রহ্মোস’ সরবরাহের চুক্তি ভারতের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে মাইলফলক স্থাপন করেছিল। এবার ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের সামরিক ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের প্রতিরক্ষা রপ্তানি লক্ষ্য ২০২৫-এর মাইলফলক অর্জনের এক বড় পদক্ষেপ।

‘ব্রহ্মোস’-এর (Brahmos) কারিগরি দিকও বিশ্বে দৃষ্টি আকর্ষণ করেছে। ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত এই ক্ষেপণাস্ত্রের নাম এসেছে ব্রহ্মপুত্র ও মস্কভা নদীর সংমিশ্রণ থেকে। ঘণ্টায় প্রায় ৩,০০০ কিমি বেগে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র, যা ৩০০ কেজিরও বেশি ওয়ারহেড বহনে সক্ষম। যুদ্ধক্ষেত্রে এটি স্থল, আকাশ ও সমুদ্র সব মাধ্যমেই সমান কার্যকর। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে ‘ব্রহ্মোস’-এর নিখুঁত আঘাতের পর থেকেই আন্তর্জাতিক বাজারে এর চাহিদা দ্রুত বেড়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ভারতের এই পদক্ষেপ শুধু ইন্দোনেশিয়ার সামরিক শক্তি বাড়াবে না, বরং পুরো দক্ষিণ এশিয়া ও দক্ষিণ চিন সাগর অঞ্চলে নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole