নিউজ পোল ব্যুরো: ভারতের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনও আপোস নয়,এই মর্মে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে মোদী (PM Narendra Modi) বলেন, “দেশের কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষার প্রশ্নে ভারত কখনও মাথা নত করবে না।” তিনি আরও বলেন, “এই অবস্থান বজায় রাখার জন্য আমাকে যদি রাজনৈতিক বা কূটনৈতিকভাবে কিছু মূল্য দিতে হয়, তাও আমি প্রস্তুত। কৃষকদের স্বার্থই আমার অগ্রাধিকার।”
দিল্লিতে এমএস স্বামীনাথনের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারত কখনোই কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। প্রয়োজনে আমাকে ব্যক্তিগতভাবে মূল্য দিতে হলেও আমি প্রস্তুত।”
এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভারতের পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তার দাবি, ভারত এখনও রাশিয়া (Russia) থেকে তেল আমদানি চালিয়ে যাচ্ছে, যার ‘শাস্তি’ হিসেবে এই শুল্কবৃদ্ধি করা হয়েছে। এতে করে ভারতের পণ্যের উপর মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২১ দিনের মধ্যে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “রাশিয়া থেকে জ্বালানি আমদানি ভারতের জাতীয় প্রয়োজনের ভিত্তিতে করা হয়। দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতেই হয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
মোদী (PM Narendra Modi) তার ভাষণে আরও বলেন, “ভারতের কৃষকরা আমাদের গর্ব। তারা দেশের প্রতিটি মানুষের খাদ্যের যোগান দেন। কৃষির স্বাধীনতা ক্ষুণ্ণ হলে কৃষকরা নিজেদের জমিতেই পরাধীন হয়ে পড়বেন, সেটা কখনোই হতে দেওয়া যাবে না।” এদিকে সারা ভারত কৃষক সভার নেতা হান্নান মোল্লা বলেন, “খাদ্য, দুধ ও কৃষি খাত পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া চলবে না।” সংগঠনটি ১৩ আগস্ট প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের কুশপুতুল দাহ করার কর্মসূচি নিয়েছে।
