নিউজ পোল ব্যুরো: রাত পোহালেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনটি মেট্রো রুটের প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন রাজনৈতিক কর্মসূচিতে। বাংলা সফরের আগেই এক্স হ্যান্ডলে পোস্টে আসন্ন সফর ঘিরে কলকাতা সহ বাংলার উন্নয়নের বার্তা দিলেন মোদী। সেই সঙ্গেই নিশানা করলেন বাংলার বর্তমান সরকারকে। নমো লিখেছেন, বঙ্গবাসী বিজেপির ক্ষমতায় আসার অপেক্ষা করছেন। ছাব্বিশের ভোটের আগে মোদীর ঘন ঘন বঙ্গ সফর বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ” বঙ্গ বিজেপির কার্যকর্তাদের সঙ্গে কলকাতায় এক সমাবেশে থাকতে আগ্রহী। প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে জনতার ক্ষোভ বাড়ছে। আমাদের উন্নয়নমূলক কর্মসূচির কারণে পশ্চিমবঙ্গ আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে।” লিখলেন মেট্রো প্রকল্পের উদ্বোধন নিয়েও। এক্সে লিখেছেন, “কলকাতার মানুষের কাছে আসাটা সবসময় বাড়তি আনন্দের বিষয়। এই শহরের উন্নয়নে আমরা বরাবর বদ্ধপরিকর। আগামিকালের (শুক্রবার) অনুষ্ঠান শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে। নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে নতুন মেট্রো পরিষেবা চালু হবে। এর ফলে বিমানবন্দর থেকে সবদিকের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তি কেন্দ্রগুলিরও যোগাযোগও আরও ভাল হবে।”
এক্স হ্যান্ডেলে বাংলায় মোদী আরও লিখেছেন, “আগামীকাল,২২শে আগষ্ট, আমি বিহার ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের উন্নয়নের সহায়ক নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাবো । এই প্রকল্পগুলি ব্যবসা, যোগাযোগ ব্যবস্থা এবং জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।”শুক্রবার ২২ আগস্ট নপাড়া থেকে বিমানবন্দর, শিয়ালদহ থেকে ধর্মতলা, রুবি থেকে বেলেঘাটা মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রথম কলকাতায় মেট্রোয় সফর করার কথা প্রধানমন্ত্রীর। এই তিন লাইনে মেট্রো চালু হলে শহর কলকাতায় যাতায়াত হয়ে যাবে আরও সহজ। প্রধানমন্ত্রী বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক মহলেও চড়ছে পারদ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে প্রধানমন্ত্রী আগমন নতুন কোন বার্তা দেয় কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা।
