‘এক দেশ, এক কর’ এখন আরও সহজ! GST সংস্কারের যুগান্তকারী পদক্ষেপ, কোন কোন জিনিসে দাম কমবে?

দেশ

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসের লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘোষণার পরেই শুরু হয়েছে ‘পরবর্তী প্রজন্মের জিএসটি (GST) সংস্কার’। আর সেই পথেই বড় পদক্ষেপ নিয়েছে জিএসটি- (GST) সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী। এবার বাতিল হতে চলেছে বহু প্রতীক্ষিত ১২% ও ২৮% জিএসটি স্ল্যাব। কর কাঠামোর সরলীকরণে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ঐতিহাসিক। দেশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক বিশাল স্বস্তির খবরে পরিণত।

আরও পড়ুন: Online Gaming Bill: রাজ্যসভায় উত্তপ্ত পরিবেশের মধ্যেই পাস হল বহু প্রতীক্ষিত অনলাইন গেমিং বিল

বর্তমানে পণ্য ও পরিষেবার উপর ৫%, ১২%, ১৮% ও ২৮% হারে জিএসটি (GST) নেওয়া হয়। তবে এই নতুন প্রস্তাবনা অনুযায়ী, ভবিষ্যতে শুধুমাত্র ৫% ও ১৮% হারেই কর ধার্য করা হবে অধিকাংশ পণ্যের উপর। শুধু বিলাসবহুল সামগ্রী ও তামাকজাত দ্রব্যের জন্য ৪০% সুপার চার্জড স্ল্যাব বজায় থাকবে।

মন্ত্রীদের গোষ্ঠীর এই সিদ্ধান্তে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক:
*৯৯% পণ্য, যেগুলির ওপর আগে ১২% জিএসটি লাগত, সেগুলি এখন পড়বে ৫% করের আওতায়।
*২৮% জিএসটি-যুক্ত প্রায় ৯০% পণ্য চলে আসবে ১৮% স্ল্যাবে।
*ওষুধ, প্রসেসড খাবার, কাপড়, জুতো ও ঘরোয়া ব্যবহারের বহু পণ্য এখন আরও সস্তা হওয়ার পথে।
*বড় সাইজের হোম অ্যাপ্লায়েন্স, টেলিভিশনের মতো ইলেকট্রনিক্সেও মিলতে পারে কর ছাড়।

এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন ব্যবসায় সহজতা বাড়বে, তেমনই সাধারণ মানুষের জীবনযাত্রায় খরচ কমবে। করব্যবস্থার এই সরলীকরণ অর্থনীতিতে গতি আনবে বলে আশা করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সুপারিশগুলি পেশ করা হবে। যদি চূড়ান্ত অনুমোদন মেলে, তাহলে ২০২৬ সাল থেকেই চালু হতে পারে GST 2.0। এক নতুন কর পরিকাঠামো, যা বাস্তবিক অর্থে “এক দেশ, এক কর”-এর স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole