Satadru Dutta: বাড়ির ভেতরেই ফুটবল মাঠ ও পুল! শতদ্রু দত্তের রাজকীয় অট্টালিকায় হানা দিল পুলিশ

ক্রীড়া জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রিষড়ার (Rishra) বাঙুর পার্ক এলাকার একটি ঝাঁ চকচকে তিনতলা বাড়ি ঘিরে সাম্প্রতিক সময়ে কৌতূহল তুঙ্গে। যুবভারতী স্টেডিয়ামে ঘটে যাওয়া বহুচর্চিত ঘটনার পর থেকেই এই বাড়িটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ, এই বাড়ির মালিক যুবভারতীকাণ্ডে গ্রেফতার হওয়া উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। শুক্রবার সকালে হঠাৎ করেই ওই বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে যায় বিধাননগর পুলিশের একটি দল।

আরও পড়ুন: Mahua Moitra: গলার কাঁটা নামল মহুয়ার! ‘ক্যাশ ফর কোয়্যারি’ মামলায় বড় জয়, লোকপালের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে দক্ষিণ বিধাননগর থানার অন্তর্গত পাঁচজন আধিকারিক যাঁদের মধ্যে একজন মহিলা পুলিশকর্মীও ছিলেন রিষড়ায় আসেন। প্রথমে তাঁরা রিষড়া থানায় যান এবং সেখান থেকে স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় বাঙুর পার্কে অবস্থিত শতদ্রু দত্তর বাড়িতে পৌঁছন। সে সময় বাড়িতে একমাত্র পরিচারিকা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। পুলিশ আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেন এবং এরপর শুরু হয় বাড়ির প্রতিটি ঘর খুঁটিয়ে তল্লাশি।

তিনতলা বিশিষ্ট এই অভিজাত বাড়িতে আধুনিক সুযোগ-সুবিধার অভাব নেই। বাড়ির অন্দরমহলের পাশাপাশি পুলিশ আধিকারিকরা সুইমিং পুল এবং ব্যক্তিগত ফুটবল মাঠও ঘুরে দেখেন বলে জানা গেছে। তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চললেও শেষ পর্যন্ত বাড়ি থেকে কোনও নথি বা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

বাড়ি থেকে বেরোনোর সময় তদন্তকারী দলের এক আধিকারিক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সংক্ষিপ্তভাবে বলেন, “বিষয়টি তদন্তাধীন। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।” ফলে কেন এই তল্লাশি, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে ভয়াবহ বিশৃঙ্খলার ঘটনা ঘটে। সেই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। মাঠে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং বর্তমানে তিনি (Satadru Dutta) পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আয়োজক সংস্থা হিসেবে দায়িত্বে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

এদিকে তদন্তকারীদের একাংশের অনুমান, ওই অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে কালো টাকা ব্যবহৃত হয়ে থাকতে পারে। যুবভারতীকাণ্ডে ইতিমধ্যেই পুলিশের তরফে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরের ভিত্তিতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি ইসিআইআর নথিভুক্ত করতে চলেছে বলে সূত্রের খবর। কালো টাকার উৎস ও আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই ইডি তদন্তে নামবে বলে মনে করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole