Mahua Moitra: গলার কাঁটা নামল মহুয়ার! ‘ক্যাশ ফর কোয়্যারি’ মামলায় বড় জয়, লোকপালের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ঘুষের বিনিময়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগ সংক্রান্ত মামলায় আপাতত বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। দিল্লি হাই কোর্ট (Delhi High Court) লোকপালের দেওয়া নির্দেশ খারিজ করে দিয়েছে, যার ফলে এই মুহূর্তে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারবে না সিবিআই (CBI)। উচ্চ আদালতের এই রায়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন: Narendra Modi: কানে দুল, পরনে বিশেষ পোশাক! ওমান সফরে ‘ফ্যাশনিস্তা’ মোদীর ভিডিও ঘিরে শোরগোল

উল্লেখ্য, গত ১২ নভেম্বর লোকপালের পূর্ণ বেঞ্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য সিবিআইকে অনুমতি দিয়েছিল। একই সঙ্গে চার সপ্তাহের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। লোকপালের সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন কৃষ্ণনগরের (Krishnanagar)এই সাংসদ। মহুয়ার বিরুদ্ধে অভিযোগের সূত্রপাত ২০২৪ সালের শুরুতে। বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, ঘুষের বিনিময়ে লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। এই অভিযোগকে কেন্দ্র করেই তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। লোকসভা ভোটের আগেই মহুয়ার (Mahua Moitra) সাংসদ পদ বাতিল করা হয় এবং তাঁকে সংসদীয় কমিটির তদন্তের মুখোমুখি হতে হয়। পাশাপাশি লোকপালে দায়ের হয় অভিযোগ, যার ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।

এই মামলায় দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শংকরের ডিভিশন বেঞ্চ শুনানি নেয়। গত ১ নভেম্বর মামলার শুনানিতে আদালত লোকপালের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি, তবে রায়দান স্থগিত রাখা হয়েছিল। দীর্ঘ শুনানির পর শুক্রবার আদালত জানায়, লোকপালের নির্দেশ জারির ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত ও আইনি ত্রুটি ছিল।

হাই কোর্ট তার রায়ে লোকপালের চার্জশিট সংক্রান্ত নির্দেশ বাতিল করে বিষয়টি নতুন করে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। আদালত লোকপালকে এক সপ্তাহের মধ্যে পুনরায় গোটা বিষয়টি খতিয়ে দেখে নতুন সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে। ফলে আপাতত মহুয়া মৈত্রের বিরুদ্ধে চার্জশিট দাখিলের প্রক্রিয়া স্থগিত থাকছে। এই রায়কে মহুয়ার (Mahua Moitra) আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি, তবুও দিল্লি হাই কোর্টের সিদ্ধান্তে আপাতত বড় চাপ থেকে রেহাই পেলেন তৃণমূল সাংসদ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole