Narendra Modi: কানে দুল, পরনে বিশেষ পোশাক! ওমান সফরে ‘ফ্যাশনিস্তা’ মোদীর ভিডিও ঘিরে শোরগোল

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ফ্যাশনবোধ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। দেশের শীর্ষ পদে থেকেও নিজের পোশাক-আশাকে আলাদা মাত্রা দিতে তিনি বরাবরই আগ্রহী। কখনও বিশেষ নকশার মোদি কোট, কখনও উজ্জ্বল রঙের পাগড়ি প্রতিটি উপস্থিতিতেই তাঁর সাজ নিয়ে কৌতূহল তৈরি হয়। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নতুন চর্চা। ওমান সফরের সময় প্রধানমন্ত্রীর (Narendra Modi) একটি ভিডিও ঘিরে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে, যেখানে তাঁর কানে ঝকঝকে সাদা একটি দুলের মতো বস্তু দেখা যায়।

আরও পড়ুন: Bidhannagar Police : মেসির সফর ঘিরে যুবভারতী ভাঙচুরে গ্রেফতার আরও তিনজন, তদন্তে গতি বিধাননগর পুলিশের

স্বাধীনতা দিবস কিংবা সাধারণতন্ত্র দিবস জাতীয় গুরুত্বের প্রতিটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পোশাক আলাদা করে নজর কাড়ে। বিশেষ করে পাগড়ির ধরন, রং ও নকশা নিয়ে বিস্তর বিশ্লেষণ হয়। অনেক সময় সেই পাগড়ির সঙ্গে রাজনৈতিক বা সাংস্কৃতিক বার্তার যোগসূত্র খোঁজার চেষ্টাও চলে। ২০১৪ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে ভিন্ন ভিন্ন ধরনের পাগড়ি পরে লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন মোদী। গত এক দশকে তাঁর পাগড়ির বৈচিত্র্য কার্যত একটি আলাদা পরিচয় তৈরি করেছে।

জাতীয় অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সফর কিংবা সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে নানা ধরনের পোশাকে দেখা গিয়েছে। এমনকি নিজের নাম খোদাই করা বিশেষ ধরনের বন্ধগলা পরেও তিনি উপস্থিত হয়েছেন একাধিক অনুষ্ঠানে। ফলে তাঁর সাজপোশাক যে কেবল ব্যক্তিগত রুচির প্রকাশ নয়, বরং এক ধরনের স্টাইল স্টেটমেন্ট তা অনেকের কাছেই স্পষ্ট।

ওমান সফরের ভাইরাল ভিডিওতে বিষয়টি প্রথমে অনেককেই অবাক করে দেয়। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর ডান কানে ছোট্ট সাদা একটি দুলের মতো বস্তু। মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে তাহলে কি সত্যিই কানে দুল পরেছেন প্রধানমন্ত্রী? নানা রকম মন্তব্যে ভরে যায় সোশ্যাল মিডিয়া।

তবে পরে জানা যায়, বিষয়টি আদৌ ফ্যাশনের অংশ নয়। মোদীর কানে দেখা সেই সাদা বস্তুটি আসলে একটি আধুনিক অনুবাদ যন্ত্র। আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠকে এই ধরনের যন্ত্র প্রায়শই ব্যবহার করা হয়। ওমানের উপপ্রধানমন্ত্রী সায়িদ শিবাব বিন তারিক আল সাইদ আরবি ভাষায় কথা বলছিলেন, আর সেই বক্তব্য তাৎক্ষণিকভাবে বুঝতেই এই যন্ত্র ব্যবহার করছিলেন প্রধানমন্ত্রী। দোভাষীর মাধ্যমে অনুবাদে সময় লাগতে পারে এবং বক্তব্যের অর্থ বদলে যাওয়ার আশঙ্কাও থাকে। সেই কারণেই রাষ্ট্রপ্রধানরা সরাসরি এই প্রযুক্তিনির্ভর যন্ত্রের সাহায্য নেন। ফলে ভাইরাল হওয়া ‘দুল’ আসলে কূটনৈতিক যোগাযোগেরই একটি প্রয়োজনীয় উপকরণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole