Bidhannagar Police : মেসির সফর ঘিরে যুবভারতী ভাঙচুরে গ্রেফতার আরও তিনজন, তদন্তে গতি বিধাননগর পুলিশের

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Krirangan) ভাঙচুরের ঘটনায় তদন্ত আরও জোরদার হল। এই মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। গত শনিবার লিওনেল মেসির সম্ভাব্য সফর (Lionel Messi Visit) ও অনুষ্ঠানকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuvabharati Krirangan) কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল। মাঠের ভিতরে চেয়ার ভাঙচুর, গোলপোস্ট ছিঁড়ে ফেলা-সহ ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে উপস্থিত দর্শকদের একাংশের বিরুদ্ধে। ঘটনার পরপরই পুলিশ (Police) দু’দফায় ছ’জনকে গ্রেফতার করেছিল। নতুন করে আরও তিনজন ধরা পড়ায় এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ন’জনে।

আরও পড়ুন :  Weather Update : দক্ষিণবঙ্গে ফের বাড়ছে তাপমাত্রা, বড়দিনের আগে হাড় কাঁপানো শীতের বিদায়!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবভারতীতে তাণ্ডবের সময় তোলা বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এই তিনজনকে শনাক্ত করা হয়। ধৃতদের নাম রাজু দাস ওরফে গোপাল দাস, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। বিধাননগর পুলিশ (Bidhannagar Police) জানিয়েছে, লেকটাউন এবং নাগেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় যুবভারতীতে ঠিক কীভাবে ভাঙচুর চালানো হয়েছিল, তার নেপথ্যের আরও তথ্য উঠে আসবে বলেই তদন্তকারীদের আশা। এই ঘটনায় শুধু বিধাননগর পুলিশই নয়, পাশাপাশি একটি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করেও তদন্ত চালানো হচ্ছে। সূত্রের খবর, সিট ইতিমধ্যেই যুবভারতীর তাণ্ডব সংক্রান্ত একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। শুধু ভাঙচুর নয়, সেই দিন মাঠ থেকে চেয়ার-সহ বিভিন্ন সামগ্রী দর্শকদের একাংশকে বাড়িতে নিয়ে যেতে দেখা গিয়েছে বলেও অভিযোগ। সেই সব ব্যক্তিদের চিহ্নিত করে ধরপাকড় শুরু করার প্রস্তুতি নিচ্ছে সিট, যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে শুক্রবার মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। বিধাননগর(Bidhannagar Police) দক্ষিণ থানার মহিলা পুলিশ-সহ পাঁচজন আধিকারিক রিষড়া থানার সহায়তায় সেখানে পৌঁছন। তিনতলা ওই বিলাসবহুল বাড়িতে সুইমিং পুল ও ব্যক্তিগত ফুটবল মাঠ রয়েছে। তবে তল্লাশির সময় বাড়িতে একমাত্র পরিচারিকাই উপস্থিত ছিলেন। তদন্তকারীরা ঘরে ঘরে খোঁজখবর নেন এবং পরিচারিকার সঙ্গে কথা বলেন। মেসির অনুষ্ঠানে কালো টাকা ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তদন্ত শুরু করতে পারে বলে সূত্রের দাবি। যদিও এখনও পর্যন্ত শতদ্রু দত্তর কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি।