Abhishek Banerjee: ‘ভোট চুরি রুখতে পথে বিরোধী, মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল পুলিশ’, দিল্লি পুলিশের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভিষেক

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশন (Election Commission) ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদদের উপর দিল্লি পুলিশের হস্তক্ষেপ ও ‘বর্বর আচরণ’-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল (TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দর (Dumdum Airport) থেকে তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিতে গিয়েছিলেন প্রায় ৩০০ জন সাংসদ। অথচ, মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে সরানো হয়েছে। এভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে না।”

আরও পড়ুন: Michael Rubin: মার্কিন মাটিতে যুদ্ধের হুমকি! আসিম মুনিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা চান রুবিন

‘বিশেষ নিবিড় সংশোধন’-এর (SIR) নামে ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ও ‘ভোটচুরির’ অভিযোগ তুলে সোমবার সংসদ ভবন থেকে ইন্ডিয়া জোটের মিছিল শুরু হয়। গন্তব্য ছিল নির্বাচন কমিশনের দফতর। যদিও কমিশন আগেই চিঠি দিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেয়, কিন্তু তা কার্যকর হওয়ার আগেই মিছিল রওনা দেয়। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়, এবং এরপরই শুরু হয় ধস্তাধস্তি।

মহুয়া মৈত্র (Mahua Moitra), সুস্মিতা দেব (Sushmita Deb), মিতালি বাগ (Mitali Bag)-সহ তৃণমূল সাংসদদের রাস্তায় প্রতিবাদ করতে দেখা যায়। কারও কারও অসুস্থ হয়ে পড়ার খবরও সামনে আসে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) থেকে শুরু করে অখিলেশ যাদবও (Akhilesh Yadav) ছিলেন সেই মিছিলে। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাফ জানিয়ে দেন, “প্রয়োজনে আমরা আবার কমিশন ঘেরাও করব। দিল্লি পুলিশের অতি সক্রিয়তায় আমাদের প্রতিবাদ বন্ধ হবে না।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, “শান্তিপূর্ণ আন্দোলনেই বিজেপি শাসিত সরকার ও প্রশাসনের আসল চেহারা সামনে এসেছে। মানুষ সব দেখছে। আমাদের লড়াই চলবে, আরও সংগঠিতভাবে।”

ভোটার তালিকা সংক্রান্ত প্রশ্নে অভিষেকের সরাসরি অভিযোগ, “নির্বাচন কমিশনের কাছে কোনও সদুত্তর নেই। যদি স্বীকার করেন যে ভোটার তালিকায় গরমিল রয়েছে, তাহলে প্রশ্ন ওঠে এই তালিকার ভিত্তিতেই তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাহলে কি তাদেরও পদত্যাগ করা উচিত নয়? যদি তালিকা ভুল হয়, তাহলে গোটা কেন্দ্রীয় সরকারকেই দায়িত্ব নিতে হবে।”

তিনি (Abhishek Banerjee) আরও বলেন, “গত বছর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেখিয়েছিলেন, কীভাবে একজন ব্যক্তির নাম একাধিক রাজ্যে ভোটার তালিকায় রয়েছে বাংলা, উত্তরপ্রদেশ, কর্ণাটকসহ। এই তথ্য তো নির্বাচন কমিশনের নিজস্ব, কোনও রাজনৈতিক দলের নয়। তাহলে কমিশনের বিরুদ্ধে প্রশ্ন উঠলে বিজেপি এত অস্বস্তিতে পড়ছে কেন? কমিশন যদি নিরপেক্ষ হয়, তবে সব দলের সাংসদদের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি কোথায়?”

অভিষেকের সাফ বার্তা, “বাংলা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে, আমরা তা মেনে নেব না। বিজেপি যদি মনে করে দেশটা ওদের ব্যক্তিগত সম্পত্তি, তাহলে ভুল করছে। গণতন্ত্রে প্রত্যেকের অধিকার রয়েছে। যদি সাহস থাকে, তাহলে গোটা দেশে লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করান। বাংলায় হবে আর দিল্লিতে হবে না—তা চলবে না।” তিনি শেষ করে বলেন, “আমরা সবাই রিজাইন করতে প্রস্তুত। কিন্তু সেই সঙ্গে বিজেপির সবাইকেও রিজাইন করতে হবে। যদি সত্যিই নিরপেক্ষতা চান, তাহলে লোকসভা ডিজল্ভ করুন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করুন। আমরা লড়াই থেকে পিছপা হব না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole