Michael Rubin: মার্কিন মাটিতে যুদ্ধের হুমকি! আসিম মুনিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা চান রুবিন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের (Asim Munir) সাম্প্রতিক পারমাণবিক হুমকি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমেরিকার (America) মাটিতে উচ্চারিত এই মন্তব্যকে কেন্দ্র করে প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা ও বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন (Michael Rubin) পাকিস্তানকে সরাসরি “দুর্বৃত্ত রাষ্ট্র” বলে অভিহিত করেছেন এবং মুনিরকে তুলনা করেছেন ওসামা বিন লাদেনের সঙ্গে – তবে এইবার তিনি ‘স্যুট পরা’।

আরও পড়ুন: Asim Munir: ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি আমেরিকা থেকে, পাক সেনাপ্রধান আসিম মুনিরের মুখে চরম উসকানি!

মুনিরের বক্তব্য ও বিতর্ক
মার্কিন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে, ফ্লোরিডার (Florida) টাম্পায় অনুষ্ঠিত এক বৈঠকে আসিম মুনির মন্তব্য করেন, “যদি পাকিস্তান ধ্বংস হয়, তাহলে সেটা অর্ধেক পৃথিবীকে ধ্বংস করবে।” এই বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ ও প্রতিক্রিয়া ছড়িয়ে দেয়। ভারত এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বলে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই পরমাণু অস্ত্রকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। দিল্লি আরও সমালোচনা করে যে এমন উস্কানিমূলক কথা ‘তৃতীয় বন্ধুত্বপূর্ণ দেশের মাটি থেকে’ বলা হয়েছে।

মাইকেল রুবিন (Michael Rubin) বলেন,“পাকিস্তানের মতো একটি দেশের কাছ থেকে আমেরিকার মাটিতে পরমাণু যুদ্ধের হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আসিম মুনির আসলে স্যুট পরা ওসামা বিন লাদেন।” রুবিনের মতে, এই ধরনের বক্তব্য কেবল রাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়ই দেয় না, এটি পরমাণু অস্ত্রের আড়ালে চরমপন্থীদের জন্য একটি আশ্রয় তৈরি করে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পাকিস্তান রাষ্ট্র হিসেবে দিন দিন বিপজ্জনক রূপ নিচ্ছে – ঠিক যেমনটি আগে ইসলামিক স্টেট থেকে শোনা গেছে।

পাকিস্তানকে নিয়ে ভবিষ্যদ্বাণী ও পরামর্শ
রুবিন (Michael Rubin) এমনকি পরামর্শ দেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পাকিস্তানকে “পরিচালিত পতনের” দিকে ঠেলে দেওয়া, যাতে বেলুচিস্তানের মতো স্বাধীনতাকামী অঞ্চলগুলো স্বীকৃতি পেতে পারে। তিনি বলেন, “এক সময় আসবে, যখন মার্কিন বিশেষ বাহিনী আবার পাকিস্তানে প্রবেশ করবে। এবার তাদের পরমাণু অস্ত্রাগার নিরাপদ করতে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কঠোর কূটনৈতিক অবস্থান নিয়ে রুবিন আরও বলেন, পাকিস্তানকে আর ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র হিসেবে দেখার কোনো যৌক্তিকতা নেই। তার মতে, পাকিস্তানই হতে পারে প্রথম ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে চিহ্নিত নন-ন্যাটো মিত্র।