নিউজ পোল ব্যুরো: বুধবার বিকেলে সল্টলেকের (Salt Lake) AK ব্লকের কাছে নতুন ব্রিজ এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি সিগন্যাল ভেঙে সজোরে ধাক্কা মারে পর পর দুটি বাইককে। তারপর ধাক্কা মারে রেলিংয়ে। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন লেগে যায়, ঘটে বিস্ফোরণ। সেই সময় ঘটনাস্থলে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক ডেলিভারি বয় (Delivery Boy)। রেলিংয়ের মাঝে আটকে পড়ে কোনওভাবে বের হতে না পেরে, গাড়ির আগুনে জীবন্ত পুড়ে মৃত্যু হয় তার। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
যাত্রীদের মধ্যে কেউ কেউ অল্পবিস্তর আহত হলেও, তাদের উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ডেলিভারি বয়কে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দুর্ঘটনার খবর জানানো সত্ত্বেও অনেক দেরিতে ঘটনাস্থলে (Salt Lake) পৌঁছায় দমকল। সেই দেরির কারণেই প্রাণ গেল এক তরতাজা যুবকের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দ্রুত কোনও উদ্ধার (Salt Lake) কাজ শুরু না করে মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল। এরই প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তায় বিক্ষোভ দেখান, শুরু হয় ইটপাটকেল ছোঁড়া। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায়, পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে।
ঘটনায় বিধাননগর পূর্ব থানায় দুটি মামলা দায়ের হয়েছে। প্রথমত, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়ায় চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, যিনি এখনো পলাতক। দ্বিতীয়ত, পুলিশ ও দমকলের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং হিংসাত্মক প্রতিবাদের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে এবং কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
