নিউজ পোল ব্যুরো:এসআইআর–এর ‘অমানবিক চাপ’-এর জেরে ফের এক বুথ লেভেল অফিসারের মৃত্যুর অভিযোগ উঠল। বাঁকুড়ার রানিবাঁধে রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন মণ্ডল রবিবার সকালে রহস্যজনক ভাবে আত্মঘাতী হন। স্কুলের একটি শ্রেণিকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর নিথর দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও মিলেছে, যেখানে লেখা — “আমি আর চাপ নিতে পারছি না।” ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on Election Commission)। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়া তড়িঘড়ি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চালাচ্ছে নির্বাচন কমিশন। এক্স–এ পোস্ট করে তিনি লেখেন, “এই প্রক্রিয়ার চাপেই ওই বিএলও আত্মহত্যা করেছেন। আতঙ্ক, ক্লান্তি, মানসিক যন্ত্রণায় ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।”
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/28/new-town-durgangan-foundation-stone-ceremony-bengal-cultural-hub/
অভিষেকের (Abhishek Banerjee on Election Commission) অভিযোগ, যে কাজ ধাপে ধাপে হওয়ার কথা, সেখানে কমিশন ‘বুলডোজার নীতি’তে এগোচ্ছে। তাঁর কটাক্ষ, কমিশন একজন ব্যক্তির রাজনৈতিক হিসেব মেলাতে নতজানু হয়ে পড়েছে। বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, “মানুষ মরলে বিজেপির কাছে তা কেবল ক্ষমতার খেলায় গ্রহণযোগ্য কোল্যাটারাল ড্যামেজ।” সতর্কবার্তা দিয়ে অভিষেক আরও লেখেন— “ইতিহাস সব দেখছে। বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলবে না।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুল খোলার আগে স্থানীয়রা একটি শ্রেণিকক্ষ তালাবদ্ধ দেখে সন্দেহ করেন। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য। খবর পেয়ে রানিবাঁধ থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে। সুইসাইড নোটের বিষয়বস্তু খতিয়ে দেখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
হারাধন মণ্ডল দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন শান্ত স্বভাবের, নির্ভরযোগ্য মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। সহকর্মীদের কথায়, সাম্প্রতিক সময়ে তাঁকে উদ্বিগ্ন ও চুপচাপ দেখা যাচ্ছিল। তবে এমন সিদ্ধান্ত নেবেন, তা কেউ ভাবতেও পারেনি। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া ও আতঙ্ক।
এখন প্রশ্ন উঠছে— প্রশাসনিক দায়িত্বের চাপে একের পর এক কর্মী আত্মহত্যা করলে তার দায় নেবে কে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই এখন উত্তাল রাজনৈতিক মহল।
