নিউজ পোল ব্যুরো:যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে আনার অনুষ্ঠানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শতদ্রু দত্তের (Shatadru Dutta) জামিনের আবেদন খারিজ করল আলিপুর আদালত। বৃহস্পতিবার শুনানিতে সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় জানান, অনুষ্ঠানের নামে প্রায় ২৩ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়েই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে দাবি তাঁর।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/12/28/blo-suicide-sir-pressure-ranibandh-west-bengal/
সরকারি পক্ষের বক্তব্য, ওই অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার দর্শক প্রবেশপত্র কেটেছিলেন, যার মাধ্যমে প্রায় ১৯ কোটি টাকা আয় হয়। পাশাপাশি বিশৃঙ্খলা এবং ভাঙচুরে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে বলেও আদালতে জানানো হয়।
অভিযোগ, বিশাল অনুষ্ঠানের আয়োজনের ক্ষমতা থাকায় অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী। তাই জামিন পেলে তাঁর পলাতক হওয়ার আশঙ্কা প্রবল। আদালতে উল্লেখ করা হয়, বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়েছিল শতদ্রুকে (Shatadru Dutta)। সরকারি পক্ষের দাবি, ঘটনার দিন মাঠে বিশৃঙ্খলা শুরু হতেই তিনি স্থান ত্যাগ করেছিলেন।
এছাড়া চুক্তি সংক্রান্ত অসংগতি নিয়েও প্রশ্ন তোলেন সরকারি কৌঁসুলি। আদালতে জানানো হয়, সরকারি দফতরের সঙ্গে চুক্তি ১২ ডিসেম্বর হলেও, খাদ্য ও পানীয় সরবরাহের চুক্তি নভেম্বরেই সেরে ফেলা হয়েছিল। এখন পর্যন্ত ২১ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও তথ্য পেশ করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
তবে অভিযুক্তের আইনজীবী সৌম্যজিৎ রাহার দাবি, এই অনুষ্ঠান ছিল একটি পেশাদার সংস্থার আয়োজনে। প্রশাসনের সঙ্গে সবসময় সমন্বয় রেখেই কাজ হয়েছে। ৭ নভেম্বরই বিধাননগর কর্তৃপক্ষের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাওয়া গিয়েছিল বলে জানান তিনি। তাঁর বক্তব্য, পূর্বে বহু আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে করেছে এই সংস্থা। কোনও নিয়মভঙ্গের প্রমাণ মেলেনি, বরং গোয়েন্দা দফতরের রিপোর্টেও সরাসরি অপরাধমূলক ভূমিকার ইঙ্গিত নেই। ইতিমধ্যেই ২২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলেও দাবি তাঁর।
শতদ্রুর শারীরিক অসুস্থতার প্রসঙ্গ তুলে তাঁকে জামিন দেওয়ার আবেদন জানানো হয়। জানানো হয়, তিনি পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নয়, অন্য রাজ্যের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
দুই পক্ষের সওয়াল শুনে আদালত জানায়, তদন্তের স্বার্থে এখনই জামিন দেওয়া উপযুক্ত নয়। ফলে শতদ্রু দত্তকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।
