CV Anand Bose: স্বাধীনতা দিবসে রাজ্যপালের আশ্বাসে আলোচনায় পরিযায়ী শ্রমিক প্রসঙ্গ, পাল্টা মন্তব্য তৃণমূল সাংসদের

কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: ৭৯তম স্বাধীনতা দিবসে (Independence Day) ব্যারাকপুরের (Barrackpore) ঐতিহাসিক গান্ধী ঘাটে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল (CV Anand Bose)। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) মন্তব্য ঘিরে রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে তরজা। রাজ্যপাল তার বক্তব্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সমস্যার প্রসঙ্গ উত্থাপন করেন এবং জানান, ভিনরাজ্যে কর্মরত বাংলা ভাষাভাষী শ্রমিকদের নানা সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। তার আশ্বাস, এই সমস্যাগুলির দ্রুত সমাধান হবে বলেই তিনি আশা করেন। তবে রাজ্যপাল সরাসরি ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের উপর পুলিশি নিপীড়নের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: Prayaas: শিক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সংযোজন “প্রয়াস” সম্পর্কে সামান্য আলোচনা

এই মন্তব্যের পরেই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল (TMC) সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik) সরাসরি রাজ্যপালের বক্তব্যে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘রাজ্যপাল আশ্বাস দিয়েছেন ঠিকই, তবে যাদের উপর ভরসা করে তিনি এই কথা বলছেন, তাদের উপর বাংলার মানুষের ভরসা নেই।’’ তার অভিযোগ, বিজেপি (BJP) শাসিত একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের নিপীড়নের মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র তাদের ভাষাগত পরিচয়ের জন্য। তিনি আরও বলেন, ‘‘স্বাধীনতার ৭৯ বছর পরেও বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের অস্তিত্ব রক্ষায় আমাদের আন্দোলন করতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।’’

পার্থ ভৌমিক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে, আন্দামানের সেলুলার জেলের বন্দিদের তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বারীন্দ্রকুমার ঘোষ ও উল্লাসকর দত্তের নাম বাদ দেওয়া হয়েছে। তার দাবি, এটি বাঙালি জাতির প্রতি সরাসরি অবমাননা। রাজ্যপাল (CV Anand Bose) গান্ধী ঘাটের ঐতিহ্য স্মরণ করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেও, পরিযায়ী শ্রমিকদের বিষয়টি তুলে ধরায় স্পষ্ট যে, স্বাধীনতা দিবসের আবহে রাজনীতির ছায়া নতুন মাত্রায় পৌঁছেছে। বাঙালি শ্রমিকদের ভবিষ্যৎ ও মর্যাদা নিয়ে বিতর্ক আরও চড়তে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole