Lalu Prasad Yadav: তেজস্বীর পথে কাঁটা? আইআরসিটিসি দুর্নীতিতে চার্জ গঠনে চাপে যাদব পরিবার

দেশ

নিউজ পোল ব্যুরো: নির্বাচনের (Election Commission) ঠিক আগেই রাজনৈতিক অঙ্গনে বড়সড় আলোড়ন ফেলেছে সিবিআই-এর (CBI) পদক্ষেপ। দুর্নীতির অভিযোগে এবার সরাসরি আইনি চাপে পড়লেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বিহার বিধানসভা নির্বাচনের (Election Commission) প্রাক্কালে, যাদব পরিবারকে কেন্দ্র করে আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় চার্জ গঠন করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালত।

আরও পড়ুন: Pakistan: পাকিস্তানে রক্তাক্ত বিক্ষোভ, মুরিদকেতে পুলিশের গুলিতে নিহত ১৩, নিখোঁজ টিএলপি নেতা সাদ রিজভ

সোমবার বিচারপতি বিশাল গোঙ্গে জানান, এই মামলায় লালু যাদব (Lalu Prasad Yadav) ছাড়াও তার স্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav) বিরুদ্ধেও প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ গঠন হয়েছে। এই চার্জ গঠনের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যখন রাজ্যে নির্বাচন আসন্ন এবং আরজেডি বিরোধীদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।

মূল অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন লালু যাদব (Lalu Prasad Yadav) আইআরসিটিসি-র অন্তর্গত বিএনআর পুরি ও বিএনআর রাঁচি হোটেল রক্ষণাবেক্ষণের চুক্তি বেআইনিভাবে বেসরকারি সংস্থাকে পাইয়ে দেন। বিনিময়ে বেনামি সংস্থার মাধ্যমে তিন একর মূল্যবান জমি হস্তান্তর হয়েছে বলে দাবি সিবিআই-এর। ২০১৭ সালে এই মামলার তদন্ত শুরু হয় এবং এফআইআর দায়ের করা হয় লালু যাদব ও তার পরিবারের বিরুদ্ধে।

সিবিআই (CBI) জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের মতো যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। যদিও, লালু যাদবের আইনজীবী আদালতে দাবি করেন, পুরো প্রক্রিয়াটিই ছিল স্বচ্ছ এবং যথাযথ নিয়ম মেনেই টেন্ডার বরাদ্দ হয়েছিল। রাবড়ি দেবী একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যা দিয়েছেন।

এই মামলায় চার্জ গঠনের ফলে আরজেডির রাজনৈতিক ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মত পর্যবেক্ষকদের। বিশেষ করে এমন সময়ে যখন তেজস্বী যাদব নিজেকে দুর্নীতিমুক্ত নেতৃত্ব হিসেবে তুলে ধরতে চাচ্ছেন। এখন দেখার, এই মামলার আইনি লড়াই এবং তার রাজনৈতিক অভিঘাত বিহার নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole