নিউজ পোল ব্যুরো: “শিকড় ভুললে গাছ বাঁচে না—আর মানুষ?”
এই প্রশ্নই তুলে আনছে ব্রাত্য বসুর (Bratya Basu) নতুন ছবি ‘শেকড়’। ‘হুব্বা’-র সাহসী পর সফল যাত্রার পর এবার তিনি পর্দায় আনতে চলেছেন এক চিরন্তন মানবিক গল্প, যেখানে সময়, সমাজ ও সম্পর্কের টানাপোড়েনের মাঝেও মানুষ নিজের আসল পরিচয়ের খোঁজে ফিরে যেতে চায় ‘শেকড়ে’। নতুন বছরে বাংলা সিনেমার পর্দায় আসতে চলেছে এক বিশেষ চমক। ব্রাত্য বসুর পরিচালনায় তৈরি হচ্ছে ‘শেকড়’, যেখানে অভিনয়ে থাকছেন দুই বাংলার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরি এবং চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর এই গল্পের আবহে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (Bibhutibhusan Bandyopadhyay) সাহিত্যিক ছোঁয়া, যার মানবিক আবেদন আজকের অস্থির সমাজবাস্তবতায় এনে দেবে এক টাটকা শ্বাস।
‘হুব্বা’-র অসাধারণ সাফল্যের পর ব্রাত্য বসু (Bratya Basu) এবার ফিরছেন আরও গভীর এক সামাজিক-মানবিক বার্তা নিয়ে। বিভূতিভূষণের দুটি ছোটগল্পকে আধুনিক সময়ের প্রেক্ষাপটে রূপান্তরিত করে নির্মিত হচ্ছে ‘শেকড়’। এই গল্পে উঠে আসবে দুইটি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার জীবনসংগ্রাম, যাদের চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেতা লোকনাথ দে ও সীমা বিশ্বাস। তাদের ছেলের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরিকে, আর পুত্রবধূর চরিত্রে থাকছেন পৌলমী বসু।
সবচেয়ে আলোচিত বিষয়, এবার অভিনেতার ভূমিকায় কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘কর্পূর’-এর পর এটি তার দ্বিতীয় সিনেমা হলেও, ব্রাত্যের কথায়, এই ছবির কুণাল (Kunal Ghosh) একেবারে আলাদা। “এখানেও তিনি রাজনীতিবিদ, তবে আগের মতো নয়, একটু ‘মিষ্টি’ রাজনীতিবিদ বলা যায়,” মন্তব্য ব্রাত্যর। ছবির চিত্রনাট্য লিখেছেন স্বয়ং ব্রাত্য বসু, সংলাপে সহায়তা করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, ক্যামেরায় সৌমিক হালদার, পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস এবং সম্পাদনায় সংলাপ ভৌমিক।
‘শেকড়’-এর শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে বেনারসে, এরপর লক্ষ্মীপুজোর পরে শ্যুটিং চলবে বোলপুরে এবং কলকাতায়। মুক্তির লক্ষ্য আগামী বছরের জানুয়ারি মাস। বর্তমান সময়ের সামাজিক ও মানসিক টানাপোড়েনের মাঝে এই ছবি যেন এক মানবিক পুনর্জাগরণের বার্তা, যেখানে শিকড়ে ফেরার আহ্বান জানায় ব্রাত্যর ক্যামেরা। চলচ্চিত্রপ্রেমীরা তাই আগ্রহভরে অপেক্ষা করছেন এই গভীর অনুভবী গল্পের পর্দা উন্মোচনের জন্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
