Narendra Modi: “ভারতীয় যুদ্ধবিমানের হৃদয় হোক দেশীয় ইঞ্জিনেই”, আত্মনির্ভর ভারতের পথে জোরালো পদক্ষেপ মোদীর

দেশ

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day) সকালে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কণ্ঠে ভেসে এল আত্মনির্ভরতার আরও এক দৃপ্ত বার্তা। শুধু বাইরের নির্ভরতা কমানো নয়, এবার তিনি স্পষ্ট করে দিলেন, ভারতীয় যুদ্ধবিমানের (Indian fighter jet) ইঞ্জিনও হতে হবে ‘মেড ইন ইন্ডিয়া’ (Made in India)। ভারতের প্রতিরক্ষা খাতের প্রযুক্তিগত স্বাধীনতার লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ ঘোষণা বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Narendra Modi: স্বাধীনতার ভাষণে সংঘের জয়গান, বাংলাকে ধ্রুপদী ভাষার আসনে বসালেন মোদী

স্বাধীনতা দিবসে মোদী (Narendra Modi) বলেন, “ভারতের নিজস্ব ফাইটার জেটে ভারতেরই তৈরি ইঞ্জিন থাকা উচিত।” তার এই বার্তা এমন এক সময়ে এল, যখন মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের (GE) তৈরি GE-404 ইঞ্জিনের বিলম্বিত সরবরাহের কারণে দেশের যুদ্ধবিমান প্রকল্পে বারবার ব্যাঘাত ঘটছে। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর সঙ্গে প্রায় ৭১৬ মিলিয়ন ডলারের চুক্তি থাকলেও, তেজস মার্ক-১এ-র জন্য নির্ধারিত ইঞ্জিনগুলি সময়মতো সরবরাহ করেনি GE। এ বছর মাত্র ১২টি ইঞ্জিন আসার সম্ভাবনা রয়েছে, যেখানে বছরে ২০টি সরবরাহের পরিকল্পনা ছিল। ফলে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় বায়ুসেনাকে (Indian Airforce) ১৬টি তেজস যুদ্ধবিমান (Tejas fighter jet) দেওয়ার লক্ষ্যে বড়সড় ধাক্কা খেয়েছে HAL। এমনকি, বায়ুসেনা প্রধান নিজে হালফিলে অসন্তোষ প্রকাশ করেছেন HAL-এর সময়মতো ডেলিভারি না দিতে পারা নিয়ে।

এই প্রেক্ষাপটে ডিআরডিও-র (DRDO) তৈরি দেশীয় কাবেরী ইঞ্জিন আবার আলোচনায়। যদিও সেটি বর্তমানে ড্রোন বা মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেলে ব্যবহারের জন্য ভাবা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণে স্পষ্ট, শুধু ড্রোন (Drone) নয়, ভবিষ্যতের যুদ্ধবিমানেও ভারতীয় প্রযুক্তিই হবে চালিকাশক্তি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole