Meerut: মিরাটের টোলপ্লাজায় সেনা জওয়ানের উপর বর্বর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল দেশ, গ্রেফতার ৪ কর্মী

দেশ

নিউজ পোল ব্যুরো: সেনা জওয়ান মানেই দেশের সুরক্ষার প্রতীক। অথচ উত্তরপ্রদেশের মিরাটে (Meerut) এক সেনা জওয়ানের সঙ্গে যা ঘটল, তা দেখে স্তব্ধ গোটা দেশ। ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, পিছমোড়া করে বাঁধা অবস্থায় এক জওয়ানকে ঘিরে ধরে পেটাচ্ছে কয়েকজন যুবক। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি নিউজ পোল বাংলা। ঘটনাটি ঘটেছে মিরাটের (Meerut) সারুরপুর থানার অন্তর্গত ভুনি টোলপ্লাজায়। টোল কর্মীদের এই নির্মম হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: India China Relation: নরম হচ্ছে ভারত-চিন সম্পর্ক, ট্রাম্পের শুল্ক বাণের মধ্যেই নয়াদিল্লিতে মোদীর সঙ্গে বৈঠক করবেন চিনের বিদেশমন্ত্রী

নির্যাতিত ওই জওয়ানের নাম কপিল। তিনি বর্তমানে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) কর্মরত। সম্প্রতি নিজের গ্রাম থেকে দিল্লির (Delhi) উদ্দেশ্যে যাত্রা করার সময় কর্নাল হাইওয়ের উপর ভুনি টোলপ্লাজায় যান কপিল। সেখানেই টোল ফি এবং দীর্ঘ ট্রাফিক জ্যাম ঘিরে প্লাজা কর্মীদের সঙ্গে তার তীব্র বচসা হয়। সেই বিরোধই মুহূর্তে রূপ নেয় হিংসায়। টোল কর্মীরা দল বেঁধে কপিলকে আক্রমণ করে। তাকে পিছমোড়া করে বেঁধে লাঠি ও ইট দিয়ে চলে বীভৎস মারধর।

ভয়াবহ সেই ঘটনার (Meerut) ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ প্রশ্ন তোলেন, দেশের সেনা যদি এভাবে রাস্তায় নিগৃহীত হন, তবে সাধারণ নাগরিক কতটা নিরাপদ? নেটিজেনদের প্রবল ক্ষোভে নড়েচড়ে বসে প্রশাসন। কপিলের পরিবার লিখিত অভিযোগ দায়ের করে সারুরপুর থানায়। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চারজন টোল কর্মীকে গ্রেফতার করা হয়।

ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল। প্রশ্ন উঠছে, টোলপ্লাজা কর্মীদের দৌরাত্ম্য কি প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছে? অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। দেশের একজন সেনা জওয়ানের উপর এই ধরনের বর্বরোচিত হামলা নিঃসন্দেহে আমাদের সামাজিক নিরাপত্তা ও মূল্যবোধকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole