নিউজ পোল ব্যুরো: নতুন করে বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। গত কয়েকদিন ধরেই মাঝারি থেকে ভারিবৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবার টানা কয়েকঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরে কলকাতা। বৃহস্পতিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রাজ্যজুড়েই। আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস, আজ শনিবার রাজ্যের একাধিক জায়গায় ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ শনিবার ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি নিয়ে আজ প্রায় সব জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতাতেও টানা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলার অধিকাংশ জায়গায় । অন্যদিকে রবিবারও ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ এবং সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর একটি বা দুটি অংশে। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন: ভারতের এই জায়গাতেই প্রথম খুলতে চলেছে OpenAI-এর অফিস, শুরু করেছে নিয়োগও
উত্তরের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
