BJP: ঝটিকা সফরের পর ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দিন কয়েক আগেই ঝটিকা সফরে পশ্চিমবঙ্গে এসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । মাত্র আড়াই ঘণ্টার সফরে তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। জানা যাচ্ছে, আসন্ন দুর্গাপুজোর আগে ফের একবার বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। সব কিছু ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে তার দুটি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে—একটি প্রশাসনিক এবং অন্যটি রাজনৈতিক (BJP) । যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, তবে বঙ্গ বিজেপির নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।

আরও পড়ুন: Mohammed Siraj : আরসিবি কেন মহম্মদ সিরাজকে ছেড়ে দিল? খোলসা করলেন টিম ডিরেক্টর

প্রধানমন্ত্রীর সফরের আগে বাংলায় আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও (Amit Shah)। তিনি অন্তত দু’বার রাজ্যে পা রাখতে পারেন বলে দলীয় সূত্রে খবর। প্রথম সফর নির্ধারিত রয়েছে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর। সেসব দিন বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন আয়োজিত হবে। সেখানে প্রধান বক্তা থাকবেন শাহ। তবে সভাস্থল এখনও নির্ধারিত হয়নি। কারণ, প্রায় ১১ হাজার দলীয় পঞ্চায়েত সদস্যকে একসঙ্গে বসার জায়গা দেওয়া নিয়ে বিজেপি নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে।এখানেই শেষ নয়। দুর্গাপুজোর (Durga Puja 2025) আবহে আরও একবার বাংলায় আসার কথা রয়েছে অমিত শাহর।

মহালয়ার পরদিন, অর্থাৎ ২২ সেপ্টেম্বর তিনি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধনে যোগ দেবেন। এই পুজোটি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে জড়িয়ে আছে। এর আগে একাধিকবার শাহ এখানে উপস্থিত থেকেছেন। সেদিনই তিনি বিজেপির (BJP) পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধনেও যোগ দেবেন। দু’বছর পর ফের ইজেডসিসিতে এই পুজোর আয়োজন হতে চলেছে। তবে মোদী এবং শাহর (Amit Shah) আসন্ন সফরসূচি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চাইছে না বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও দলের একাংশ জানাচ্ছে, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক দিন ঠিক করা হয়েছে, তবে সবকিছু এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

রাজনৈতিক মহলের মতে, এর মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি। আগামী বছরই ভোট। অমিত শাহ আগেই জানিয়েছেন, বিহারের নির্বাচন শেষ হলেই বাংলায় বেশি সময় কাটাবেন তিনি। বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করছে, দুর্গাপুজো কিংবা মহালয়ার সময় যদি মোদী-শাহকে আনা না-ও যায়, তবে কালীপুজোর পর থেকে তাদের নিয়মিত সফর কার্যত নিশ্চিত। ফলে উৎসবের আবহেই বিজেপি কার্যত নির্বাচনী লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করতে চাইছে।