Maruti Suzuki E-vitara: ভারতীয় প্রযুক্তির বৈদ্যুতিক বিপ্লব! মোদীর হাত ধরে চালু হলো ই-ভিটারা ম্যানুফ্যাকচারিং

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতে (India) তৈরি প্রথম মারুতি সুজুকি ই-ভিটারা (Maruti Suzuki E-vitara) ইলেকট্রিক গাড়ির উন্মোচনের মধ্য দিয়ে দেশের বৈদ্যুতিক যানবাহন শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। গুজরাটের (Gujarat) হনসলপুরে মারুতি সুজুকির অত্যাধুনিক প্ল্যান্টে এই গাড়ির উৎপাদন আনুষ্ঠানিকভাবে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার সাথে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) এবং ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেইচি ওনো (Keiichi Ono) ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কি জেল থেকে অফিস চালাতে পারবেন? মন্ত্রীদের নয়া অপসারণ বিল নিয়ে বিরোধীদের মন্তব্যের তীব্র সমালোচনা Amit Shah-এর

ই-ভিটারা (Maruti Suzuki E-vitara) শুধু একটি গাড়ি নয়, এটি ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্বনির্ভর ভারত’ অভিযানের বাস্তব প্রতিফলন। উদ্বোধনের দিনটিকে প্রধানমন্ত্রী মোদী একে “স্বনির্ভর ভারতের পথে এক ঐতিহাসিক মুহূর্ত” বলে বর্ণনা করেন। এই ইলেকট্রিক SUV-এর উৎপাদন ভারতে হলেও, এর রপ্তানি হবে বিশ্বের ১০০টিরও বেশি দেশে। উদ্বোধনের পর প্রথম গাড়িটি পাঠানো হয়েছে যুক্তরাজ্যে।

২০২৪ সালের শেষের দিকে ইউরোপে প্রথমবার আত্মপ্রকাশের পর, এই ই-ভিটারার (Maruti Suzuki E-vitara) ভারতীয় সংস্করণ প্রদর্শিত হয় ২০২৫-এর ভারত মোবিলিটি শো-তে। এটি তৈরি হয়েছে টয়োটার সঙ্গে যৌথভাবে তৈরি ৪০পিএল ডেডিকেটেড ইভি প্ল্যাটফর্মে, যার টয়োটা সংস্করণ পরিচিত হবে ‘আরবান ক্রুজার ইভি’ নামে। ই-ভিটারা দুটি ব্যাটারি বিকল্পে আসছে 49kWh ও 61kWh যার মধ্যে বড় ব্যাটারিটি ডুয়াল মোটর ও অল-হুইল ড্রাইভ (AWD) ফিচারসহ আসবে।

ভারতে এর দাম শুরু হতে পারে প্রায় ২০ লক্ষ (এক্স-শোরুম) থেকে। প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে Mahindra BE6, Hyundai Creta EV, MG ZS EV-এর মতো জনপ্রিয় গাড়িগুলি।উদ্বোধনের দ্বিতীয় অংশে প্রধানমন্ত্রী একটি হাইব্রিড লি-আয়ন ব্যাটারি ইলেকট্রোড তৈরির কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা তোশিবা, ডেনসো ও সুজুকির ত্রিপাক্ষিক অংশীদারিত্বে তৈরি হয়েছে। এই প্ল্যান্ট হবে ভারতের শক্তিশালী হাইব্রিড গাড়ির জন্য একটি কৌশলগত উৎস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole