নিউজ পোল ব্যুরো: কুমোরটুলির (Kumartuli) মৃৎশিল্পীদের ঘিরে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। দুর্গাপুজোর (Durga Puja) আর মাত্র কয়েকদিন বাকি, ঠিক এই সময়েই প্রতিমা সাজসজ্জায় নানা নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, প্রতিমা গড়া থেকে সাজানো পর্যন্ত কোথাও ব্যবহার করা যাবে না চুমকি, থার্মোকল কিংবা প্লাস্টিক। হঠাৎ আসা এই নির্দেশে চরম সমস্যায় পড়েছেন কুমোরটুলির শিল্পীরা। তাদের দাবি, আগাম কোনও সরকারি নোটিস বা বিকল্প ব্যবস্থা ছাড়াই পুলিশ (Police) এমন নিয়ম চাপিয়ে দিয়েছে।
আগস্টের প্রথম সপ্তাহেই পুলিশ হানা দেয় কুমোরটুলির (Kumartuli) বিভিন্ন কারখানা ও দোকানে। কয়েকদিন ধরে চলে তল্লাশি। শিল্পীদের অভিযোগ, শ্যামপুকুর থানার আধিকারিকরা বারবার ঘুরে আতঙ্ক তৈরি করেছেন। তাঁদের জানানো হয়, থার্মোকল জাতীয় সামগ্রী বা সাজসজ্জার চুমকি বিক্রি বা ব্যবহার করা যাবে না। এমনকি প্রতিমা চাপা দেওয়ার জন্য ব্যবহৃত প্লাস্টিক শিটও নিষিদ্ধ করা হয়েছে। মৃৎশিল্পী ও সাজসজ্জা শিল্পীরা বলছেন, এই বিধিনিষেধের ফলে কাজ একেবারে থমকে গিয়েছে।

আরও পড়ুন: Mother Tereja: কলকাতার গর্ব মাদার টেরিজা, সারাটা জীবন শুধু সেবাই করেছেন
ইতিমধ্যেই কুমোরটুলি (Kumartuli) মৃৎশিল্পী সাংস্কৃতিক সমিতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও স্থানীয় বিধায়ককে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। তাদের বক্তব্য—এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিল্পী-কারিগর বিপাকে পড়েছেন।প্রসঙ্গত, ২০২২ সালে জাতীয় গ্রিন ট্রাইবুনালের নির্দেশ ছিল প্রতিমা তৈরিতে থার্মোকল ব্যবহার করা যাবে না, কারণ এটি পেট্রোলিয়ামজাত পদার্থ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু শিল্পীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই উপকরণের বিকল্প ব্যবস্থা কী হতে পারে, তা নিয়ে প্রশাসন কোনও আলোচনায় বসেনি। ফলে হঠাৎ নিষেধাজ্ঞায় কাজ আটকে যাচ্ছে।

কুমোরটুলির প্রবীণ শিল্পী সুজিত পাল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “হঠাৎ পুলিশ এসে বলে দিল, এই সব সরঞ্জাম ব্যবহার করা যাবে না। আগে থেকে একটিও নোটিস দেওয়া হয়নি। আমাদের কোনও বিকল্প উপায়ও দেখানো হয়নি। এখন যখন পুজোর কাজ প্রায় শেষের দিকে, তখন হঠাৎ করে এসব বন্ধ করে দিলে অসম্ভব সমস্যায় পড়তে হবে। অন্তত চলতি বছর এই নিয়ম কার্যকর না করে আমাদের সময় দেওয়া উচিত।”এদিকে, শিল্পীদের দাবি মানা না হলে তাঁরা কাজ বন্ধ করে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পুজোর আগে এমন অনিশ্চয়তা তৈরি হওয়ায় আতঙ্কে পুরো কুমোরটুলি। একদিকে পরিবেশ সুরক্ষার তাগিদ, অন্যদিকে হাজার হাজার শিল্পীর জীবিকা—এই টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে এখন সমাধানের পথ খুঁজছে সকলেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
