R.G. Kar Case: আন্দোলন দমাতে ডাক্তারদের নিশানা করছে পুলিশ? অভয়ার জন্য লড়াই অটুট ডাক্তারদের

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: অভয়া কাণ্ডের প্রতিবাদ ঘিরে ফের বিতর্ক। এক বছর আগে আর জি কর হাসপাতালের (R.G. Kar Case) তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেছিলেন ডাক্তাররা। সেই লড়াই আজও চলছে। বুধবার সেই আন্দোলনের প্রথম সারির চার চিকিৎসককে বউ বাজার থানায় ডেকে পাঠানো হয়। পুলিশের তলব পান সিনিয়র চিকিৎসক মানস গুমটা, সুবর্ণ গোস্বামী (Subarna Goswami), জুনিয়র চিকিৎসক পরিচয় পান্ডা (Porichoy Panda) ও দেবাশীষ হালদার (Debasis Halder)। অভিযোগ, এক বছর আগে অভয়া কাণ্ডের প্রতিবাদে একটি মিছিলে অংশ নেওয়ার কারণেই আজ জেরার মুখে পড়তে হল তাদের।

আরও পড়ুন:W.B.B.H.S.E New Rules: ইনভিজিলেটরকে হেনস্থা করলেই শাস্তি, নজরদারিতে প্রতিটি উচ্চ মাধ্যমিক কেন্দ্র

এই খবরে উত্তাল হয়ে ওঠে আন্দোলনকারীরা। মেডিক্যাল কলেজ (Medical college) থেকে মিছিল শুরু করে বউ বাজার (Bou Bazar) থানার সামনে এসে পৌঁছান অভয়া মঞ্চের ডাক্তাররা। থানার গেটে দাঁড়িয়ে চলতে থাকে শ্লোগান। সাধারণ মানুষও যোগ দেন সেই প্রতিবাদে। তাদের অভিযোগ, বারবার ভিন্ন ভিন্ন থানায় ডেকে পুলিশ হেনস্থা করছে প্রতিবাদী ডাক্তারদের। কখনো হেয়ার স্ট্রিট থানা, কখনো বউ বাজার থানায় তলব করা হচ্ছে আসলে আন্দোলনকে দমিয়ে দেওয়ারই চেষ্টা চলছে বলে দাবি ডাক্তারদের।

অভয়া মঞ্চের চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, যতবারই থানায় ডাকা হোক না কেন, লড়াই থামানো যাবে না। এই লড়াই ন্যায়বিচারের জন্য, অভয়ার জন্য। ডাক্তারদের বক্তব্য, হেনস্থা করার কৌশল ব্যর্থ হবে, আন্দোলন চলবে আগের থেকেও জোরদার ভাবে। পুলিশ এই ঘটনায় কোনও মন্তব্য করেনি। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, থানার ভেতরে ডাক্তারদের জেরার সময় যদি কোনও সমস্যা তৈরি হয়, তবে তাদের আন্দোলন আরও তীব্র হবে। বুধবার বউ বাজার থানার সামনে দাঁড়িয়েই তারা জানিয়ে দেন, অভয়ার হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত নেমে আসা যাবে না রাস্তাঘাট থেকে।

এক বছর কেটে গেলেও অভয়া কাণ্ডের বিচারে (R.G. Kar Case) অগ্রগতি নেই বললেই চলে। সাধারণ মানুষ থেকে চিকিৎসক সমাজ সবারই প্রশ্ন, কেন এখনো বিচার মিলছে না? কেন বারবার প্রতিবাদী চিকিৎসকদেরই নিশানা করছে প্রশাসন? অভয়ার জন্য ন্যায়বিচার (R.G. Kar Case) দাবির স্লোগানে ফের সরগরম হলো কলকাতার রাস্তাঘাট। চিকিৎসক থেকে সাধারণ মানুষ সবাই এক সুরে জানিয়ে দিলেন, অভয়ার জন্য লড়াই চলবে, যত বাধাই আসুক না কেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole