নিউজ পোল ব্যুরো: সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে ভারত ও চিনের প্রতি চাপ তৈরির যে চেষ্টা চলছে—তা এবার প্রকাশ্যে আক্রমণ করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সরাসরি নাম না করলেও, তার নিশানায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও তার ঘনিষ্ঠ মহল, তা স্পষ্ট। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন স্পষ্ট বার্তা দিলেন—ভারত ও চিনের (India China) মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে হুমকি ও নিষেধাজ্ঞার ভাষায় কথা বলা চলে না।
আরও পড়ুন: Trump boiled: রুশ তেলের দাম আরও কমল
পুতিন (Vladimir Putin) বলেন, “ভারত ও চিন এই দুই দেশই আমাদের গুরুত্বপূর্ণ পার্টনার। ১৫০ কোটির বেশি মানুষের এই রাষ্ট্রগুলির নিজস্ব রাজনৈতিক ধারা, শক্তিশালী অর্থনীতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এই দেশের নেতৃত্বকে ‘শাস্তি’ দেওয়ার কথা বললে, তাদেরও প্রতিক্রিয়া থাকবে।” তিনি আরও যোগ করেন, “ঐতিহাসিকভাবে এই দেশগুলো ঔপনিবেশিক শোষণের শিকার হয়েছে। বছরের পর বছর ধরে বাইরের শক্তির দ্বারা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হয়েছে। ফলে এখন যদি কেউ আবার সেই ধরনের আচরণ করে, তবে তাদের প্রতিরোধ অনিবার্য।”
পশ্চিমা দুনিয়ার ‘চাপিয়ে দেওয়া’র রাজনীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে রুশ প্রেসিডেন্ট বলেন, “ঔপনিবেশিক যুগ অনেক আগেই শেষ হয়েছে। আধুনিক বিশ্বে কারও উপর শুল্ক বা নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের নিজের মত অনুযায়ী চালানো সম্ভব নয়। পার্টনারদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখা উচিত, হুমকি দিয়ে কিছু আদায় করা যায় না।”
এই বক্তব্যে পুতিন (Vladimir Putin) যে স্পষ্টভাবে আমেরিকার (America) একচেটিয়া নীতি ও আধিপত্যবাদী কৌশলের বিরোধিতা করলেন, তা বলাই যায়। পাশাপাশি মোদী সরকারের পাশে থাকার বার্তাও দিলেন তিনি—যেখানে আমেরিকা বারবার ভারতের বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিচ্ছে, সেখানে রাশিয়া একেবারে ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে ভারত ও চিনের পাশে থাকার আশ্বাস দিল।
