নিউজ পোল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার প্রেনেলান সুব্রিয়ানকে (Prenelan Subrayen) আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে যে তার বোলিং অ্যাকশন সম্পূর্ণ বৈধ বলে প্রমাণিত হয়েছে। ১৯ আগস্ট কেয়ার্নসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুব্রিয়ানের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করা হয়। এরপর, ২৬ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে তার একটি স্বাধীন বোলিং মূল্যায়ন করা হয়। তদন্তে স্পষ্ট হয়েছে যে, তার সমস্ত বলের কনুই বাঁক ১৫ ডিগ্রির নির্ধারিত সীমার মধ্যে।
আরও পড়ুন: BCCI president election: বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা ২৮ সেপ্টেম্বর, সভাপতি সহ সকল পদের নির্বাচন
আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনেলান সুব্রিয়ানের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন।’ ৩১ বছর বয়সী সুব্রিয়ান (Prenelan Subrayen) ২০২৫ সালে এখনও পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি জিম্বাবোয়ের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন এবং তারপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অংশ নিয়েছিলেন। যেখানে প্রথমবারের মতো তার অ্যাকশনের রিপোর্ট করা হয়েছিল। এই দুই ম্যাচে তিনি মোট পাঁচটি উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়া সফরে প্রথম ওয়ানডেতে সুব্রিয়ণ একটি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ ১-২ ব্যবধানে হেরে গেলেও দল দুর্দান্তভাবে ফিরে আসে এবং ওয়ানডে সিরিজ জিতে নেয়। সুব্রিয়াণকে নিয়ে এই স্বস্তি দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আসন্ন ব্যস্ত সময়সূচীতে দল স্পিন বিভাগকে শক্তিশালী করতে চায়। এই স্পিনার তার নির্ভুলতা এবং খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত। সুব্রিয়ণ এখন ধারাবাহিক সুযোগ পাওয়ার এবং আরও উইকেট নেওয়ার লক্ষ্যে জাতীয় দলে প্রবেশ করবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
