Delhi: নতুন করে আতঙ্কের ছায়া, দিল্লির স্কুলে ফের বোমার হুমকি, পরীক্ষার মাঝেই বাড়ি ফেরানো হল ছাত্রছাত্রীদের

দেশ

নিউজ পোল ব্যুরো: দিল্লির (Delhi) আকাশে ফের আতঙ্কের ঘনঘটা। চলতি মাসেই তৃতীয়বারের মতো রাজধানীর একাধিক স্কুলে বোমা হামলার হুমকি। শুধু স্কুল নয়, হাসপাতাল থেকে আদালত, মুখ্যমন্ত্রীর কার্যালয় কারও রেহাই নেই এই ‘ভুয়ো বোমাতঙ্ক’-এর হাত থেকে।

শনিবার সকালে ফের চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। দিনের শুরুতেই নজফগড়ের একটি স্কুল থেকে সকাল ৬:৩০ নাগাদ দিল্লি (Delhi) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে আসে বোমা থাকার খবর। সঙ্গে সঙ্গেই পুলিশ, বম্ব স্কোয়াড এবং দমকলের দল পৌঁছে যায় ঘটনাস্থলে। যে স্কুলগুলোকে নিশানা করা হয়েছিল, তার মধ্যে রয়েছে দ্বারকা দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল, সর্বোদয় পাবলিক স্কুল, ও নজফগড়ের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: Manipur: অস্থির মণিপুরে ফের রক্তক্ষয়, শান্তির আহ্বানের পরেও থামছে না সংঘর্ষ

সে সময় স্কুলে পরীক্ষা চলছিল, ফলে প্রচুর ছাত্রছাত্রী ও শিক্ষক ছিলেন ভিতরে। আতঙ্কে দ্রুত খালি করে দেওয়া হয় স্কুল চত্বর। স্থগিত করা হয় চলতি পরীক্ষা। সবাইকে নিরাপদে বাড়ি পাঠানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতই এই হুমকিগুলি পরে ভুয়ো বলে প্রমাণিত হোক না কেন, নিরাপত্তার প্রশ্নে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। চলতি বছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দিল্লি (Delhi) ও এনসিআর অঞ্চলে ১৫০-রও বেশি স্কুল, কলেজ, আদালত এবং হোটেলে এমন ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে এর মোকাবিলায় নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

দিল্লি হাই কোর্টের (Delhi High Court) নির্দেশ মেনে রাজ্য সরকার স্কুলগুলির জন্য একগুচ্ছ নতুন নিরাপত্তা বিধি জারি করেছে। এর মধ্যে রয়েছে—

স্কুল ক্যাম্পাসে বাড়তি সিসিটিভি নজরদারি

বোমা আতঙ্কের ক্ষেত্রে নিয়মিত মহড়া

নিরাপত্তা ব্যবস্থার সময়ে সময়ে মূল্যায়ন

প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা

শুধু পুলিশ নয়, প্রতিটি স্কুল কর্তৃপক্ষকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। কারণ, এই ভুয়ো হুমকির আড়ালে কোথাও যেন লুকিয়ে রয়েছে আরও বড় কোনও ষড়যন্ত্রের আশঙ্কা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole