নিউজ পোল ব্যুরো: যখন গোটা দেশ শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে চলার স্বপ্ন দেখে, তখন উত্তর-পূর্ব ভারতের এক প্রান্তে যেন সেই স্বপ্ন প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে। মণিপুর (Manipur) এক সময়ের নৈসর্গিক শান্তির ভূমি, আজ হিংসা ও অবিশ্বাসের আঁধারে ঢাকা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাম্প্রতিক শান্তির বার্তা ও চূড়াচাঁদপুরে উপস্থিতি যেন মণিপুরের নতুন ভোরের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই আশার আলো দীর্ঘস্থায়ী হলো না। শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় অসম রাইফেলসের কনভয়ে চালানো এক আকস্মিক ও পরিকল্পিত হামলায় শহিদ হয়েছেন ২ জন বীর জওয়ান, গুরুতর আহত আরও ছয়জন।
আরও পড়ুন: Mamata Banerjee: জ়ুবিন গার্গের প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়
‘টাটা ৪০৭’ গাড়িতে করে জওয়ানরা যখন ইম্ফল থেকে বিষ্ণুপুরে যাচ্ছিলেন, ঠিক তখনই নাম্বোল সবাল লেইকাই এলাকায় ঘন জঙ্গলের আড়াল থেকে চালানো হয় এই বর্বর হামলা। হামলাকারীরা চিহ্নিত না হলেও প্রশাসনের তরফে দ্রুত এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই ঘটনার নিন্দায় মুখর হয়েছেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, “এই কাপুরুষোচিত হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে। শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে।”
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে কুকি ও মেতেই গোষ্ঠীর মধ্যে চলা জাতিগত হিংসা মণিপুরের (Manipur) আভ্যন্তরীণ শান্তিকে বারবার ভেঙে দিয়েছে। দুই বছরেরও বেশি সময় পর মণিপুর সফরে গিয়ে মোদি শান্তির বার্তা দিলেও, তার বিদায়ের পরেই যেন আবার আগুন ছড়াল এই অশান্ত রাজ্যে। মণিপুরের (Manipur) এই পরিস্থিতি আমাদের সামনে বড় প্রশ্ন তোলে, শুধুই রাজনৈতিক বার্তা কি যথেষ্ট, নাকি এখন সময় বাস্তব পদক্ষেপের?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
