Jaffar Express: জাফার এক্সপ্রেসে ফের বিস্ফোরণ, বালোচিস্তানে নিরাপত্তা প্রশ্নের মুখে! এক মাসে চতুর্থ হামলা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের বালোচিস্তানে (Balochistan) ফের রক্তাক্ত জাফার এক্সপ্রেস (Jaffar Express)। মঙ্গলবার সকালে সিন্ধ ও বালোচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণের জেরে লাইনচ্যুত হল যাত্রীবোঝাই ট্রেনটির (Jaffar Express) একাধিক কামরা। বিস্ফোরণের তীব্রতায় ছিটকে যায় বগিগুলি, আহত হন বহু যাত্রী। ট্রেনটিতে সে সময় ছিলেন অন্তত ৪০০ জন যাত্রী। সেনা ও উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজ শুরু করেছে।

আরও পড়ুন: Prashant Kishor: বিহার বিধানসভা নির্বাচনে নতুন খেলোয়াড়, প্রশান্ত কিশোরের ‘জন সুরজ’-এর হাইভোল্টেজ এন্ট্রি!

পেশোয়ার থেকে কোয়েটাগামী এই ট্রেনটি মাঝপথে বিস্ফোরণের শিকার হয় বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান, রাস্তার পাশে পুঁতে রাখা ছিল শক্তিশালী আইইডি। বিস্ফোরণের ধরণ এবং এলাকা বিচার করে তদন্তকারী আধিকারিকদের অনুমান, এর নেপথ্যে থাকতে পারে বালোচ বিদ্রোহীরা। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবুও বালোচ বিদ্রোহী অধ্যুষিত এলাকাতেই পরপর হামলা ঘটা এবং অতীতে একই ট্রেনকে নিশানা করার ঘটনাগুলি এই সন্দেহকে আরও জোরালো করছে।

উল্লেখযোগ্যভাবে, মাত্র দু’সপ্তাহ আগে মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলেও এই ট্রেনটির উপর আইইডি হামলা হয়। সেবার লাইনচ্যুত হয়েছিল ছয়টি বগি। তারও আগে ১০ আগস্ট হামলার কবলে পড়ে জাফার এক্সপ্রেস (Jaffar Express), যেখানে পাঁচটি কামরা ক্ষতিগ্রস্ত হয়। এর ঠিক আগে মার্চ মাসে বোলান অঞ্চলে একই ট্রেন অপহরণ করে বালোচ বিদ্রোহীরা। সেনা অভিযান চালিয়ে যাত্রীদের উদ্ধার করা হলেও সেই ঘটনায় বহু সেনা সদস্যের মৃত্যুর দাবি করেছিল বিদ্রোহীরা।

গত দুই মাসে পাকিস্তানে (Pakistan) যাত্রীবাহী ট্রেনে মোট ছ’টি হামলার ঘটনা সামনে এসেছে, যার মধ্যে জাফার এক্সপ্রেসই একাধিকবার টার্গেট হয়েছে। প্রশ্ন উঠছে, পাকিস্তানের রেল নিরাপত্তা ব্যবস্থা আদৌ কতটা কার্যকর? সরকারি হুঁশিয়ারি ও সেনা মোতায়েন সত্ত্বেও বারবার একই ট্রেন, একই রুট ও একই ধরনের বিস্ফোরণ সবকিছুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাকিস্তানের গা-ছাড়া মনোভাব ও বালোচিস্তানে দিন দিন বেড়ে চলা বিদ্রোহী প্রভাব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole