East Bengal: উদ্বোধনী ম্যাচেই শ্রীনিধির বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: জয় দিয়ে আইএফএ শিল্ড যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। শ্রিনিধি ডেকানকে ৪-০ গোলে হারাল তারা। লাল হলুদ জার্সিতে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন জয় গুপ্ত। এক কথায় বলা যায়, তিনি এলেন, খেললেন জয় করলেন। তার গোলেই এদিন ম্যাচের খাতা খুলেছে ইস্টবেঙ্গল। এছাড়া পুরোনো ছন্দে দেখা গেল সউল ক্রেসপোকেও। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এই জয়ে উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা। টিমে বাসে ওঠার সময় ভালোবাসায় ভরিয়ে দিলেন কোচ অস্কার ব্রুজোঁকে। তাছাড়াও জোড়া অ্যাসিস্ট করে নজর কেড়েছেন বিপিন সিং। গোলের তালিকাতে তার নাম না থাকলেও এই জয়ে তার ভূমিকা সবচেয়ে বেশি।

২০২৫ আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামের ‘এ’ মাঠে, গ্রুপ এ-র এই ম্যাচে দুরন্ত ফুটবল লাল হলুদের। অভিষেকেই ২১ মিনিটে জয় গুপ্ত গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩৮ মিনিটে সউল ক্রেসপোর গোলের সুবাদে ২-০ গোলে ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে হামিদ আহদাদের গোলে ৩-০ হওয়ার পর ৫২ মিনিটে জিকসন সিং গোল করে খেলার ফল ৪-০ করেন। তারপর বাকি সময়টায় ব্যবধান আর বাড়েনি।

আরও পড়ুন:Mohun Bagan:সেটপিস মন্ত্রে গোকুলাম বধের ছক কষছে মোহনবাগান

ম্যাচ জয়ের পর কোচ অস্কার ব্রুজোঁ জানিয়েছেন, ‘আমরা জিতেছি। এটাই সবচেয়ে আনন্দের। আরও ভালো খেলতে পারতাম। তবে মাঠ ভেজা থাকায় আমরা যে গতিশীল ফুটবলটা খেলি তা খেলতে পারিনি। পরের ম্যাচে আরও ভাল খেলতে হবে। আমি আশাবাদী আমার দল নিয়ে।’

অন্যদিকে শ্রিনিধি ডেকানের স্প্যানিশ কোচ আলবারো মোটা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য তরুণ ফুটবলার তুলে আনা। তিনি বলেন, ‘হার জিত নয়, আমাদের মূল লক্ষ্য ডেভেলপমেন্ট। আমরা আরও তরুণ ফুটবলার তুলে আনতে চাই।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole