নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার আইএফএ শিল্ডের যাত্রা শুরু করবে মোহনবাগান(Mohun Bagan)। তার আগে বুধবার যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল বাগান ব্রিগেড। প্রতিপক্ষ গোকুলাম কেরালা। তারা আগেই হুঙ্কার দিয়ে রেখেছে মোহনবাগানকে হারানোর। তবে মোহনবাগান শিবির সে দিকে কর্ণপাত করতে রাজি নয়। দুই দলই আইএফএ শিল্ডকে সুপার কাপের প্রস্তুতি হিসেবে দেখছে। তাই পুরো দলকে এখান থেকেই ছন্দে ফিরিয়ে নিতে চাইছে গোকুলাম। মোহনবাগানের ওপর অবশ্য বাড়তি চাপ রয়েছে সমর্থকদের। তবে বুধবার অনুশীলনেও কিছু সমর্থককে দেখা গেল ফুটবলারদের পাশে থেকে তাদের উদ্বুদ্ধ করতে।

বুধবার মূলত সেটপিসে বাড়তি জোর দিয়েছেন কোচ হোসে মোলিনা। বৃষ্টি ভেজা বিকেলে ম্যাচের আগের দিন হালকা অনুশীলন করল গোটা দল। প্রথমে ফিজিক্যাল ট্রেনিং এরপর পাশিং ফুটবল খেলে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করার চেষ্টা। তারপর সেটপিসেই নজর দেন কোচ হোসে মোলিনা। এরপর পেনাল্টি নেন জেমি, দিমি, কামিন্স, রবসন থেকে মনবীর, থাপা, আপুইয়ারা।
আরও পড়ুন:MS Dhoni: চমকে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মহেন্দ্র সিং ধোনি
মঙ্গলবারের বিকেলের মত এদিন পুলিশি নিরাপত্তা না থাকলেও অনুশীলনের ধারে কাছে যেতে দেওয়া হয়নি সমর্থকদের। সিকিউরিটিদের ঘেরাটোপেই অনুশীলন করল বাগান ব্রিগেড। অগত্যা দুর থেকেই প্রিয় ফুটবলারদের জন্য গলা ফাটালেন তারা।

প্রসঙ্গত, মঙ্গলবার পুলিশের কড়া নিরাপত্তায় অনুশীলন করেছে মোহনবাগান। শুধু তাই নয়, সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়েছে ফুটবলারদের। সমর্থকদের একাধিক দাবী রয়েছে ম্যানেজমেন্টের কাছে। সেই দাবী নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করতে চান সমর্থকরা। তাদের প্রথম দাবী, নির্বাসন থেকে মোহনবাগানকে বাঁচাতে সবকিছুই করতে হবে ম্যানেজমেন্টকে। পরের বছর এএফসিতে খেলতে হবে। এবং পাখির চোখ করতে হবে এসিএলকে। পাশাপাশি সব রকমের টুর্নামেন্টে খেলতে হবে মোহনবাগানকে। যদিও এই বিষয় নিয়ে এখনও মোহনবাগানের পক্ষে কোনও উত্তর আসেনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
