Shubhman Gill Injury: বুধবার ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন না শুভমান গিল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: দ্বিতীয় টেস্টে অনিশ্চিত শুভমান গিল (Shubhman Gill)। বুধবার ভারতীয় দলের সঙ্গে তিনি গুয়াহাটি যাচ্ছেন না। গিলকে চার দিনের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তাই দ্বিতীয় টেস্টের জন্য তাঁর গুয়াহাটি (Guwahati) যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সিএবি (CAB) সূত্রে জানা গিয়েছে ‘ওর ঘাড়ে তীব্র যন্ত্রণা রয়েছে। আমরা চোটের বিষয়ে বিস্তারিত জানাতে পারছি না। ওকে গলার কলার পরে থাকতে হবে।শুভমানকে তিন-চার দিনের বিশ্রাম নিতে বলা হয়েছে এবং বিমানে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে গুয়াহাটি যাওয়া ঠিক নয়। তবে প্রতিদিন ওর অগ্রগতি দেখা হচ্ছে, আজকের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হবে।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সুতরাং পরের টেস্টে অনিশ্চিত শুভমান গিল। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ২২শে নভেম্বর থেকে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুভমান গিল যদি গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে যান, তাহলে ঋষভ পন্থ ভারতীয় দলের অধিনায়ক হবেন। কলকাতা টেস্টে, শুভমান গিলের অনুপস্থিতি সত্ত্বেও ঋষভ পন্থ স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

প্রসঙ্গত, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সকালে, ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর শুবমান গিল ব্যাট করতে নামেন। তৃতীয় বলেই শিমন হারমারকে স্লগ সুইপ করে চার মারতে গিয়ে তিনি ঘাড়ে চোট পান। সঙ্গে সঙ্গে দলের ফিজিও তাঁকে দেখেন, এর পর গিল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এবং গলায় টান ধরার কারণে আর প্রথম টেস্টে ম্যাচে নামতে পারেননি। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

আরও পড়ুন: KL Rahul Captaincy : অধিনায়ক হওয়া মানে মালিকের কাছে জবাবদিহি করা বলছেন কেএল রাহুল

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরেই তাঁকে কলকাতার এক হাসপাতালে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হলে, সেখানে ICU-তে তাঁকে ভর্তি নেওয়া হয়। তবে রবিবার সন্ধ্যের দিকে গিলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে, তিনি ভারতের টিম হোটেলেই ফিরে আসেন। প্রসঙ্গত, রবিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচ ৩০ রানে হেরে যায় ভারত। তাও মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা ৯৩ রানেই অলআউট হয়ে যায়।