নিউজ পোল ব্যুরো: নভেম্বরের নির্ধারিত সূচি অনুযায়ী আর অনুষ্ঠিত হচ্ছে না ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সুপার স্পেশ্যালিটি, অর্থাৎ নিট এসএস পরীক্ষা (NEET SS Exam 2025)। বৃহস্পতিবার ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) জানায়, পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর। এই সিদ্ধান্তে সায় দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। তবে কেন নভেম্বর থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল, সে বিষয়ে কোনও সুনির্দিষ্ট কারণ জানায়নি বোর্ড।
এর আগে ২০২৩ সালেও নিট এসএস পরীক্ষা (NEET SS Exam 2025) পিছিয়ে গিয়েছিল দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের কারণে। এবারও হঠাৎ সূচি পরিবর্তনে উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। অনেকেই বলছেন, প্রস্তুতির সময়সূচি বদলে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বোর্ডের তরফে কেবল জানানো হয়েছে, পরীক্ষার নতুন তারিখ অনুমোদিত এবং প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতেই তা নেওয়া হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিনে দুই শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে। নিট এসএস পরীক্ষা (NEET SS Exam 2025)-এ ১৫০টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, যা ২ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে। মোট ৬০০ নম্বরের এই পরীক্ষায় প্রতি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর যোগ হবে এবং ভুল উত্তরে কাটা যাবে ১ নম্বর।
সর্বভারতীয় স্তরের এই নিট এসএস পরীক্ষা (NEET SS Exam 2025) হলো বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। উত্তীর্ণ প্রার্থীরা ডক্টরেট অফ মেডিসিন (DM) এবং মাস্টার অফ চিরুগিয়ে (MCh) ডিগ্রির অধীনে রেডিয়োডায়গনোস্টিক্স, অবস্ট্রেট্রিক্স অ্যান্ড গাইনাকোলজি, প্যাথোলজি, ইএনটি, ফার্মাকোলজি-সহ মোট ১৩টি বিষয়ে বিশেষায়িত হতে পারবেন। এই পরিবর্তনে অনেকের প্রশ্ন পরীক্ষার প্রস্তুতির মাঝপথে এই স্থগিতাদেশের ফলে কি প্রভাব পড়বে ভর্তি প্রক্রিয়ার সময়সূচিতে? যদিও বোর্ড জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই নেওয়া হবে এবং শীঘ্রই অ্যাডমিট কার্ড ও সেন্টার লিস্ট প্রকাশ করা হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
