নিউজ পোল ব্যুরো:ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার আগেই রাজ্যের রাজনীতি এখন উত্তপ্ত এসআইআর ইস্যুতে। এই আবহের মধ্যেই নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে সরব হলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir)।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/10/26/sukanta-majumdar-sir-assurance-gangarampur-bjp-rally/
রবিবার এক জনসভায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে হুমায়ুন (Humayun Kabir) বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তাঁর ডাকে সাড়া দিয়েই তৃণমূলে যোগদান করি। ২০২১ সালের ৩১ জানুয়ারি চাকরি থেকে ইস্তফা দিয়ে দল করি, তারপর জিতি। এবার মুখ্যমন্ত্রী আমায় কোথায় রাখবেন, ডেবরা থেকেই লড়াবেন নাকি অন্য কোথাও, সেটা তাঁর সিদ্ধান্ত। তিনিই আমার নেত্রী, তিনি যা বলবেন, আমি তাই করব।”
তবে তাঁর গলায় স্পষ্ট আত্মবিশ্বাস— আসন্ন ২০২৬ সালের নির্বাচনে তিনি আবারও প্রার্থী হচ্ছেন। বলেন, “২০২৬ সালে নিশ্চিতভাবে আমি লড়ব। এবং সেই বিধানসভাতেও আমি থাকব বলেই আমি নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমার পূর্ণ ভরসা আছে। তিনি যেখানে বলবেন, আমি সেখান থেকেই লড়ব। সম্ভবত আমি ডেবরাতেই লড়ব এবং জিতব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
প্রাক্তন আইপিএস থেকে রাজনীতিতে আসা হুমায়ুন কবীর তাঁর কাজের খতিয়ানও জনগণের সামনে তুলে ধরতে চান। জানান, “আমি এখানে এসেছি মানুষের কাজের জন্য। গত পাঁচ বছরে আমি কী করেছি, কী উন্নয়ন করতে পেরেছি, সেটা আমি একটি পুস্তিকায় প্রকাশ করব। মানুষই বলবে আমি কতটা সফল।”
দলীয় সূত্রে জানা যাচ্ছে, ডেবরায় হুমায়ুন কবীরের জনপ্রিয়তা এখনও যথেষ্ট উঁচু। স্থানীয় মানুষ তাঁকে একজন “কাজের বিধায়ক” হিসেবেই দেখেন। ফলে ২০২৬-এর নির্বাচনে তিনি যে আবারও ডেবরা কেন্দ্র থেকেই লড়বেন, সেই সম্ভাবনা প্রবল।
তবে এখনই টিকিটের বিষয়ে মুখ খুলতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলে জল্পনা— এসআইআর বিতর্ক ও সংগঠনগত পালাবদলের সময়েই হুমায়ুনের এই আত্মবিশ্বাসী মন্তব্য কি দলীয় বার্তা, নাকি নিজের অবস্থান মজবুত করার কৌশল?
সব মিলিয়ে, ডেবরার এই জনপ্রিয় তৃণমূল বিধায়কের মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে— তৃণমূলের ভবিষ্যৎ কৌশলে হুমায়ুন কবীরের ভূমিকা ঠিক কী হতে চলেছে, সেটাই এখন নজরে।
