Bengal Diabetes Model:বাংলার মুকুটে নতুন পালক: টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে অনুকরণীয় ‘বাংলার মডেল’! মুখ্যমন্ত্রীর গর্বের ঘোষণা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বাংলার সাফল্যের খাতায় আরও এক স্বর্ণাক্ষর যুক্ত হল। টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য উদ্যোগ এখন বিশ্বজোড়া স্বীকৃত। ‘বাংলার মডেল’ (Bengal Diabetes Model) হয়ে উঠেছে বিশ্বব্যাপী অনুকরণীয় উদাহরণ—এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/02/rahul-gandhi-attacks-modi-adani-ambani-bihar-rally/

মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,-“আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করার জন্য ‘বাংলার মডেল’ – যা বিশ্বব্যাপী অনুকরণীয় মডেল হয়ে উঠেছে। সম্প্রতি, হার্ভার্ড মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক জিন বুখম্যান, যিনি অসংক্রামক রোগের একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ, আমাদের এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেছেন এবং এই উদ্যোগের প্রশংসা করেছেন। কারণ এটি দেশের প্রথম রাষ্ট্রীয়ভাবে পরিচালিত একটি কর্মসূচি। আমি এই উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।”

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সাফল্য আরও একবার আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল হয়ে উঠল। জানা গেছে, শিশু ও কিশোরদের টাইপ-১ ডায়াবেটিস চিকিৎসায় অত্যাধুনিক মানের স্বাস্থ্য মডেল (Bengal Diabetes Model) গড়ে তুলেছে পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের এই প্রকল্পে রোগ নির্ণয় থেকে শুরু করে ইনসুলিন সরবরাহ, পরামর্শদান ও মানসিক সহায়তা—সবই এক ছাতার নিচে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস’ (ISPAD) ২০২৫ সালের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বেছে নেয়। এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত—কারণ ভারতবর্ষে প্রথমবার কোনো রাজ্য সরকার এই আন্তর্জাতিক স্বীকৃতি পায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বিশ্ববিখ্যাত স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুখম্যানের প্রশংসা বাংলার এই প্রকল্পের গৌরবকে আরও বাড়িয়ে দিয়েছে। তাঁর মতে, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশু ও কিশোরদের জন্য বাংলার মডেল একটি টেকসই এবং মানবিক পদ্ধতির দৃষ্টান্ত, যা উন্নয়নশীল দেশগুলির জন্য ‘রোল মডেল’ হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট। ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের পর এবার ‘টাইপ-১ ডায়াবেটিস কেয়ার মডেল’ সেই ধারারই নতুন অধ্যায়।

স্বাস্থ্য দফতরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, রাজ্যের বহু সরকারি হাসপাতালে এই পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে। শিশুদের জন্য আলাদা ডায়াবেটিস ক্লিনিক, বিনামূল্যে চিকিৎসা ও ইনসুলিন সরবরাহের পাশাপাশি, স্কুল স্তরেও সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে।

বাংলা আজ শুধু দেশে নয়, বিশ্বমঞ্চেও নিজের স্বাস্থ্য মডেল নিয়ে গর্বিত। মুখ্যমন্ত্রীর ভাষায়, “মানবিকতা, বিজ্ঞান ও সামাজিক দায়বদ্ধতার মিলন ঘটেছে এই উদ্যোগে—এটাই বাংলার আসল শক্তি।”