Chattisgarh: ছত্তিশগড়ে বড় অভিযান, সুকমার জঙ্গলে মাওবাদীদের অস্ত্রঘাঁটি গুঁড়িয়ে দিল নিরাপত্তাবাহিনী

দেশ

নিউজ পোল ব্যুরো: ছত্তিশগড়ের (Chattisgarh) সুকমা জেলার গভীর জঙ্গলে আবারও বড়সড় অভিযান চালাল নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড (DRG) সোমবার সকালে অভিযান চালিয়ে মাওবাদীদের একটি বিশাল অস্ত্রঘাঁটি ধ্বংস করে দেয়। জানা গিয়েছে, ওই জঙ্গলের ভিতরে দীর্ঘদিন ধরেই গোপনে অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানা চালাচ্ছিল মাওবাদীরা। অভিযানের সময় সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, বুলেট, বোমা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি।

আরও পড়ুন: Abhishek Banerjee : মিছিলের পর মঞ্চে ৩০টি পুশআপ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস ভিডিও ভাইরাল

সূত্রের খবর, এই কারখানায় তৈরি অস্ত্র ও বিস্ফোরক ছত্তিশগড় ছাড়াও প্রতিবেশী রাজ্যগুলির বিভিন্ন মাওবাদী শাখায় (Chattisgarh) পাঠানো হত। ধারণা করা হচ্ছে, এখান থেকেই নিরাপত্তাবাহিনীর উপর বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। তবে, নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপে তা ভেস্তে যায়। অভিযানের পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়, যাতে কোনো মাওবাদী পালিয়ে যেতে না পারে।

সুকমার পুলিশ সুপার কিরণ চাভন জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য শুধু অস্ত্রঘাঁটি ধ্বংস করা নয়, বরং এই অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা করা। যারা অস্ত্র ত্যাগ করে সমাজে ফিরতে চান, তাদের সরকার পুনর্বাসনের সুযোগ দিচ্ছে, যাতে তাঁরা মর্যাদার সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।” উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ঘোষণা করেছে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই মাওবাদমুক্ত ভারত গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ছত্তিশগড়ে (Chattisgarh) বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে।

সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছিল ২৮৭ জন মাওবাদীর, গ্রেপ্তার হয় হাজারেরও বেশি, আর আত্মসমর্পণ করে প্রায় ৮৩৭ জন। ২০২৫ সালেও সেই অভিযান আরও তীব্র হয়েছে। গত ৯ মাসে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ২১০ জন মাওবাদীর। এর মধ্যে ছত্তিশগড়েই নিহত হয়েছে ১৩ জন শীর্ষ মাওবাদী নেতা, যাঁদের মাথার উপর পুরস্কার ছিল ২০ লক্ষ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত। নিরাপত্তাবাহিনীর এই ধারাবাহিক অভিযানে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলোতে ধীরে ধীরে ফিরছে স্বস্তি ও স্থিতিশীলতা যা সরকারের ঘোষিত “মাওবাদমুক্ত ভারত” অভিযানের এক বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole