JNU Election: জেএনইউ ফের বামের দখলে, ABVP খালি হাতে! ছাত্র রাজনীতিতে লাল পতাকার প্রত্যাবর্তন

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU Election) আবারও লালে রাঙা। ছাত্র রাজনীতির দুর্গ হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে এবারের ছাত্র সংসদ নির্বাচনে (JNU Election) চারটি গুরুত্বপূর্ণ পদেই একচেটিয়া জয় ছিনিয়ে নিল বাম জোট। একেবারেই খালি হাতে ফিরল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

আরও পড়ুন: Cow Viral Video : রাতের ওড়িশার রাস্তায় ধীরে হাঁটছে গরু, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ভিডিওটি

প্রেসিডেন্ট পদে বাম জোটের প্রার্থী অদিতি মিশ্র ৪০০-রও বেশি ভোটের ব্যবধানে হারালেন এবিভিপির বিকাশ প্যাটেলকে। ভাইস প্রেসিডেন্ট পদে আরও বড় ব্যবধানে প্রায় ১,২০০ ভোটে বিজয়ী হলেন বাম শিবিরের কে গোপিকা। সম্পাদক পদে লড়াই ছিল জমজমাট; মাত্র ১০০ ভোটের ব্যবধানে এবিভিপির রাজেশ্বর কান্ত দুবেকে হারিয়ে জয় ছিনিয়ে নেন বাম প্রার্থী সুনীল যাদব। এই পদে বাম জোটের প্রার্থী পান ১,৯১৫ ভোট, আর এবিভিপি প্রার্থী পান ১,৮৪১ ভোট। যুগ্ম সম্পাদক পদেও দানিশ আলির জয় নিশ্চিত করে বাম শিবিরের একচ্ছত্র দখল।

মঙ্গলবার জেএনইউ (JNU Election) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ, যেখানে মোট ৬৭ শতাংশ ছাত্রছাত্রী ভোট দেন। রাত ৯টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোটগণনা। নির্বাচনে সেন্ট্রাল প্যানেলের চারটি পদের জন্য মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯,০৪৩ জন ছাত্রছাত্রী ছিলেন যোগ্য ভোটার।

বাম জোটের এই জয়কে অনেকেই জেএনইউ-র ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখছেন। দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে জেএনইউ বরাবরই বাম ও অতিবাম মতাদর্শের প্রাণকেন্দ্র। কিন্তু গত নির্বাচনে দীর্ঘ খরার পর প্রথমবার একটি পদ দখল করেছিল এবিভিপি, যা তাদের জন্য বড় মনোবল জুগিয়েছিল। এবারের ফলাফল সেই অধ্যায়ের অবসান ঘটাল। ফের লাল পতাকা উড়ল জেএনইউর আকাশে।

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, জাতীয় রাজনীতিতে ডানপন্থী উত্থানের মাঝেও জেএনইউর ছাত্রসমাজ তাদের বামপন্থী অবস্থান আরও দৃঢ় করল। বাম জোটের মতে, এই জয় ফ্যাসিবাদ-বিরোধী, স্বাধীন চিন্তার পক্ষে এবং শিক্ষা ক্ষেত্রের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জয়। অন্যদিকে এবিভিপির শিবিরে হতাশার সুর এক বছরের মধ্যেই হারাল তাদের কঠিন পরিশ্রমে অর্জিত আসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole