নিউজ পোল ব্যুরো: আবার উত্তপ্ত বিহার (Bihar)। ভোটের ফলাফল স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে পাটলিপুত্রে এনডিএ-র ঝড়, কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই মহাজোটের। কিন্তু জয়ের আবহের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হবেন কে? নীতীশ কুমার (Nitish Kumar) কি আবার ফিরে আসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, নাকি জোট-রাজনীতির অঙ্কে ঘটতে পারে পালাবদল?
আরও পড়ুন: Bihar Assembly Election 2025: বিহারের জয় এনডিএ-র, কিন্তু বাড়তি হাওয়া যেন দিদির দিকেই!
এনডিএ-র প্রাথমিক লড়াই থেকেই নীতীশ কুমারের (Nitish Kumar) মুখকে সামনে রেখে প্রচার চললেও জোটের তরফে আনুষ্ঠানিকভাবে কোথাও তার নাম ঘোষণা করা হয়নি। তবু মোদী-শাহের ভাষণে বহুবার উঠে এসেছে ‘সুশাসন বাবুর’ নাম। কিন্তু ভোটের বেলায় দশে দশ পেলেও নীতীশই মুখ্যমন্ত্রী হবেন এই প্রশ্নেই এখন রাজনৈতিক অন্দরমহলে তীব্র কৌতূহল।
প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি (BJP) এগিয়ে ৯২টি আসনে, আর সঙ্গী জেডিইউ এগোচ্ছে ৮৩টিতে। পাশাপাশি এলজেপি ও হামের অসাধারণ ফলাফল এনডিএ-কে আরও শক্তিশালী করেছে। চিরাগ পাসওয়ানের এলজেপি ২৯টি আসনে লড়েই ১৯টিতে এগিয়ে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাঁচটিতে। ফলে সরকার গঠনে এই দুই ‘ছোট’ শরিকের ভূমিকাই হয়ে উঠতে পারে নির্ণায়ক এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মত।
এই প্রেক্ষাপটেই হঠাৎ ঝড় তোলে জেডিইউ-র একটি টুইট, “বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ (Nitish Kumar) ছিলেন, এবং ভবিষ্যতেও থাকবেন।” কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার কয়েক মিনিটের মধ্যেই সেই টুইট ডিলিট করে দেওয়া হয়। কেন এমন পদক্ষেপ?রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। টুইট কি আগেভাগে ‘মুখ্যমন্ত্রী’ ঘোষণার মতো হয়ে যাচ্ছিল? নাকি জোটের ভেতরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে আরও কিছু ‘আলোচনা’ বাকি ছিল বলেই সরিয়ে ফেলা হলো?
পরিস্থিতি আরও আকর্ষণীয় হয় যখন বিজেপি নেতা ও বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি পৌঁছান নীতীশ কুমারের (Nitish Kumar) সরকারি বাসভবনে। সেখানে যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে, তা নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। প্রশ্নটা তাই ফের জোরালো! এই বৈঠক কি আসলে পরবর্তী সরকারের মুখ ঠিক করতেই? নাকি বিজেপি শীর্ষ নেতৃত্বের আস্থা এখনও নীতীশের দিকেই, আর সেই সমীকরণই পাকা করা হচ্ছে? সব মিলিয়ে বিহারের রাজনীতি এখন এক মোহময় প্রতীক্ষার জায়গায় দাঁড়িয়ে। নতুন সরকার নিশ্চিত, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে সেই ঘোষণা ঘিরেই চলছে সবচেয়ে বড় রাজনৈতিক নাটক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
