নিউজ পোল ব্যুরো: দিল্লি লালকেল্লা বিস্ফোরণ-কাণ্ডে (Delhi Blast) সরাসরি জড়িত থাকার কারণে চার চিকিৎসকের লাইসেন্স বাতিল করেছে জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission)। আদিল আহমেদ রাথর, মুজাফফর আহমেদ, মুজ়াম্মিল শাকিল এবং শাহীন সইদ এই চারজনের বিরুদ্ধে কার্যকর হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দেশের কোথাও তারা আর চিকিৎসা প্র্যাকটিস করতে পারবেন না। শুধু প্র্যাকটিস নয়, তাদের মেডিক্যাল রেজিস্ট্রেশন, অর্থাৎ আইএমআর এবং জাতীয় মেডিক্যাল রেজিস্টারও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: Nawgam Blast: ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ, কাশ্মীরের নওগাম থানায় নিহত ৯
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিস্ফোরণ (Delhi Blast) সংক্রান্ত তদন্তে প্রমাণ ও তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, শুধু জাতীয় স্তরের তদন্ত নয়, উত্তরপ্রদেশ মেডিক্যাল কাউন্সিল, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কাশ্মীর মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকেও কমিশন প্রয়োজনীয় তথ্য পেয়েছে। আগেই জম্মু ও কাশ্মীর মেডিক্যাল কাউন্সিল তিনজনের মুজাফফর, আদিল এবং মুজ়াম্মিল লাইসেন্স বাতিল করেছিল, আর উত্তরপ্রদেশ মেডিক্যাল কাউন্সিল শাহীন সইদের রেজিস্ট্রেশন বাতিল করেছিল। এরপর জাতীয় মেডিক্যাল কমিশনও সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে।
গত কয়েকদিন আগে দিল্লি লালকেল্লা চত্বরের এই ভয়াবহ বিস্ফোরণে (Delhi Blast) ১৩ জনের মৃত্যু হয়। ঘটনার পরেই তদন্তকারীরা দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালাচ্ছেন। শ্রীনগরসহ একাধিক অঞ্চলে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়েও তদন্ত করা হয়েছে। শুক্রবার উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এক সন্দেহভাজনকে ধরা হয়েছে। তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি মা ও বোনকে সঙ্গে নিয়ে পৈতৃক বাড়িতে বিয়েবাড়িতে এসেছিল। ফেরার পথে মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে তাকে শনাক্ত করে এনআইএ, এবং পরে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে।
এই পদক্ষেপ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও মেডিক্যাল কমিশনের প্রতি বার্তা দিচ্ছে যে, যে কোনো প্রকার অপরাধ বা জঙ্গি কার্যকলাপে জড়িত থাকা চিকিৎসকরা আর নিরপেক্ষ থাকবেন না। দেশের সুরক্ষা ও জনস্বার্থকে প্রধান্য দিয়ে জাতীয় মেডিক্যাল কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যা আগামী দিনে চিকিৎসা পেশার জন্য এক দৃঢ় সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
