Norway in World Cap: ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলবে নরওয়ে

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ফুটবল বিশ্বের অন্যতম চমক এখন নরওয়ে ( Norway)। প্রায় তিন দশক পরে ফুটবল বিশ্বকাপে ফেরার স্বপ্ন এবার সত্যি করল নরওয়ে। ইউরোপীয় বাছাইপর্বের রবিবার রাতের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ইটালিকে (Italy) ৪-১ ব্যবধানে হারিয়ে বহু প্রতীক্ষার বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে তারা। ম্যাচের নায়ক স্বভাবতই আর্লিং হালান্ড—দুরন্ত জোড়া গোল করে দলকে খরা কাটানোর পথে নিয়ে যান তিনি। তাকেও এবার দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। এটি তার জীবনেও প্রথম বিশ্বকাপ হতে চলেছে।

আরও পড়ুন:Bihar: বিহারে নতুন সরকার, পুরনো মুখ! নীতীশের শপথে থাকতে পারেন প্রধানমন্ত্রী

১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা পেল নরওয়ে। এদিন ‘আই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নিজের ঘরের মাঠেই প্রতিপক্ষ ইটালিকে চাপে রাখতে থাকে তারা। যদিও ম্যাচের শুরুটা ছিল আজ্জুরিদের। মাত্র ১১ মিনিটে এসপোসিতোর গোলে এগিয়ে যায় চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ জুড়ে ইটালির দাপটই ছিল বেশি। কিন্তু বিরতির পরে বদলে যায় ম্যাচের চেহারা। ৬৩ মিনিটে নুসার গোল নরওয়েকে সমতায় ফেরায়। এরপর ৭৮ মিনিটে হালান্ড গোল করে দলকে এগিয়ে দেন, আর এক মিনিট পর আবারও স্কোরশিটে তার নাম। যোগ করা সময়ে (৯০+৩) নরওয়ের হয়ে চতুর্থ গোলটি করেন জার্গেন স্ট্র্যান্ড। বাছাইপর্বে মোট ১৬ গোল করে ইতিমধ্যেই নিজেকে আলাদাভাবে তুলে ধরেছেন হালান্ড; তাকে ঘিরে নতুন স্বপ্নে ভাসছে নরওয়ের সমর্থকরা।

অন্যদিকে, টানা ব্যর্থতার ছাপ আরও গাঢ় হচ্ছে ইটালির ফুটবলে। দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে গেলেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করা ইতালির সামনে আবারও অনিশ্চয়তার মেঘ। ২০২৬ বিশ্বকাপে আদৌ তাদের দেখা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। পাশাপাশি আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেপর্তুগাল। কার্ড সমস্যায় এই ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস। অন্য তিনটি গোল করেন রেনাতো ভেইগা, গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাওয়। ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সরাসরি বিশ্বকাপে গেল পর্তুগাল। ছয় ম্যাচের চারটিতে জেতা পর্তুগালের পয়েন্ট ১৩।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

গ্রুপের অন্য ম্যাচে আয়ারল্যান্ড নাটকীয়ভাবে ৩-২ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। পর্তুগালের বিপক্ষে জোড়া গোল করা ট্রয় প্যারট এবার করেছেন হ্যাটট্রিক, তাতেই প্লে-অফ নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ডের।