নিউজ পোল ব্যুরো: বিহারের রাজনীতিতে ফের চরম পরিবর্তনের হাওয়া। মঙ্গলবার আচমকাই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar), আর সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই শুরু হলো নতুন সরকার গঠনের পথ। রাজ্যপাল আরিফ মহম্মদ খান-এর হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে নীতীশ (Nitish Kumar) জানিয়ে দেন, বিহারের (Bihar) এবার আসছে ক্ষমতার নতুন বিন্যাস।
আরও পড়ুন: BLO: ফের বিএলও-র মর্মান্তিক মৃত্যু—কমিশনের ‘অমানবিক চাপ’ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী
নীতীশের ইস্তফার সঙ্গে সঙ্গেই ভেঙে দেওয়া হলো বিহারের সপ্তদশ বিধানসভা। তবে এ পদক্ষেপ যে শুধুই আনুষ্ঠানিকতা তা বোঝা গেল কিছুক্ষণের মধ্যেই। এদিন দুপুরে জেডিইউ পরিষদীয় দল নীতীশকে (Nitish Kumar) নেতা হিসেবে নির্বাচিত করে, পরে তাকে এনডিএ-র মুখ্য নেতা হিসেবেও ঘোষণা করা হয়। অর্থাৎ পরিষ্কার বৃহস্পতিবারই তিনি দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
নীতীশ কুমারের বিদায়ী মন্ত্রিসভায় দুই ডেপুটি মুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। নতুন সরকারেও তাঁরা একই দায়িত্বে ফের শপথ নেবেন। সম্রাট চৌধুরী ইতিমধ্যেই বিহার বিজেপি সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন, আর বিজয় সিনহা আবার উপমুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত। তাদের নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। নতুন মন্ত্রিসভা নিয়েও এনডিএ জোটে ইতিমধ্যেই খসড়া ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে “প্রতি ছ’জন বিধায়ক পিছু একজন মন্ত্রী” এমন অনুপাত অনুযায়ী বণ্টন হবে মন্ত্রিসভা। সেই হিসাবে বিজেপি-র হাতে যেতে পারে প্রায় ১৫টি মন্ত্রক, আর জেডিইউ পাবে ১৩–১৪টি।
সঙ্গে আরও থাকছে জোটসঙ্গীদের অংশীদারি চিরাগ পাসওয়ানের এলজেপি (আর) থেকে ৩ জন, আর জিতন রাম মাঝির HAM এবং উপেন্দ্র কুশওয়াহার RLM প্রতিটি দলই পাবে একটি করে মন্ত্রক। যদিও কোন দল কোন দফতর পাচ্ছে তা নিয়ে এখনও ব্যাকচ্যানেলে আলোচনা চলছে। জানা গেছে, প্রথম দফায় প্রায় ১৮ জন মন্ত্রী নীতীশের সঙ্গে শপথ নেবেন।শপথগ্রহণ অনুষ্ঠানও হতে চলেছে বড়সড় মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, এবং সব এনডিএ-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীরা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ৩৫ থেকে ৫০ হাজার এনডিএ সমর্থক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
