নিউজ পোল ব্যুরো: নেপালে (Nepal) রাজনৈতিক অস্থিরতা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গত বছরের সেপ্টেম্বরে ‘জেন জি’ তরুণদের ঐতিহাসিক আন্দোলনে ক্ষমতা হারানো কেপি শর্মা ওলির ইউএমএল দল এখন নতুন করে মাঠে সক্রিয় হতে শুরু করেছে। আর এই সক্রিয়তাকে ঘিরেই ফের বিস্ফোরণ ঘটে দেশের তরুণ বিক্ষোভকারীদের মধ্যে। পরিস্থিতি ক্রমে এমনভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সিমারা ও আশপাশের এলাকায় বাধ্য হয়ে কারফিউ জারি করে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকেই সিমারা চকের পরিবেশ উত্তপ্ত ছিল। সকাল ১১টার দিকে বড় জমায়েত করে ‘জেন জি’ আন্দোলনকারীরা। পুলিশের কড়া হস্তক্ষেপে তাদের ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হলেও উত্তেজনা কমেনি। বরং সিমারা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ইউএমএল কর্মীদের সঙ্গে তরুণ বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এর নেপথ্যে ছিল ওলি শিবিরের দুই নেতা মহেশ বসনেট ও শঙ্কর পোখারেলের আকস্মিক সিমারা আগমন। দলীয় কর্মসূচিতে যোগ দিতে তারা কাঠমান্ডু (Nepal) থেকে বিমানে এসেছিলেন।
এই খবর ছড়িয়ে পড়তেই ‘জেন জি’ জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। বুধবার বিমানবন্দরে নেতাদের পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বিক্ষোভকারীরা “খুনিদের সরকার” বলে স্লোগান দিতে শুরু করেন। ইউএমএল কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও পরে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। আহত হন কমপক্ষে ছ’জন তরুণ বিক্ষোভকারী। তাদের অভিযোগের ভিত্তিতে ছয়জন ইউএমএল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ আরও বাড়ে।
এরই জেরে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। উত্তাল পরিস্থিতির কারণে সিমারা বিমানবন্দরে (Nepal) কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়। পরিবেশ যাতে সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে না যায়, সেই কারণে দুপুর ১২টা ৪৫ থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কারফিউ বলবৎ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
গত সেপ্টেম্বর মাসেই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে নেপালে ‘জেন জি’ তরুণদের অভূতপূর্ব আন্দোলন শুরু হয়েছিল। সেই বিক্ষোভ শেষ পর্যন্ত ওলি সরকারের পতন ঘটায় এবং ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই আগামী ৫ মার্চ ভোটের তারিখ ঘোষণার পর রাজনৈতিক দলগুলি ফের মাঠে নেমেছে। কিন্তু ‘জেন জি’ আন্দোলনের তরুণরা ওলি শিবিরকে প্রকাশ্যে নির্বাচনী ময়দান থেকে বিরত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সব মিলিয়ে নেপালের পরিস্থিতি আবারও প্রবল অস্থিরতার মুখে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
