Narendra Modi: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় মোদী! আরামবাগে প্রথম সভার তোড়জোড় বিজেপির

দেশ

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই সংগঠনকে মজবুত করতে এবং ভোটারদের মনোভাব বোঝার লক্ষ্যে বিজেপি (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের ধারাবাহিক বঙ্গ সফরের নীলনকশা তৈরি করেছে। শুক্রবার রাজ্য বিজেপির বৈঠকের পরই জানা যায় ডিসেম্বর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ কেন্দ্রীয় নেতারা ক্রমাগত বাংলায় প্রচারে নামবেন। এবার মোদীর (Narendra Modi) প্রথম জনসভা কোনদিন এবং কোথায় হতে পারে, তা নিয়েই শুরু হয়েছে চূড়ান্ত আলোচনা।

আরও পড়ুন: Hooghly : গ্রামে পৌঁছাবে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র! ECG ও রক্ত পরীক্ষাসহ প্রাথমিক চিকিৎসা পাবেন গ্রামীণ মানুষ

দলীয় সূত্র বলছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত ১৩ বা ১৪ ডিসেম্বর রাজ্যে এসে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে উঠে এসেছে আরামবাগের নাম। রাজ্য বিজেপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছে অনুমতির আবেদন জানিয়েছে বলে জানা যাচ্ছে। এখন সবশেষ সিদ্ধান্ত নির্ভর করছে প্রধানমন্ত্রীর দপ্তরের সবুজ সঙ্কেতের ওপর। ১২ থেকে ১৪ ডিসেম্বরের সেই সপ্তাহান্ত বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণও রয়েছে। ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে ফলে সপ্তাহের মাঝামাঝি সময় সফর করা মোদীর (Narendra Modi) পক্ষে কঠিন হতে পারে। কিন্তু সপ্তাহান্তে সময় পাওয়া গেলে বাংলা সফর বাস্তবায়ন সহজ হবে বলে মনে করছে গেরুয়া শিবির।

অন্যদিকে, ডিসেম্বরের শেষ ভাগ থেকে অমিত শাহর বাংলায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৯ ডিসেম্বরের পর তাঁর কলকাতা সফর প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজ্য নেতারা। সেই সফর উপলক্ষে বিজেপির নতুন রাজ্য কমিটির ঘোষণাও হতে পারে বলে অনুমান। শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) নেতৃত্বে আগামী মাসেই নতুন কমিটি প্রকাশ পাবে এমন জল্পনাও জোরদার। অমিত শাহের উপস্থিতিতে কলকাতায় একটি বর্ধিত বৈঠক ডাকার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির। সেই বৈঠকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের মূল রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। শাহ নিজেই সংগঠন, প্রার্থী বাছাই, প্রচার কৌশলসহ একাধিক বিষয়ে নির্দেশনা দেবেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ডিসেম্বর থেকে মোদী-শাহর টানা বঙ্গ সফরকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। নির্বাচনের দামামা বেজে ওঠার আগেই প্রস্তুতির ছন্দ বাড়াতে চাইছে গেরুয়া শিবির।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole