NewTown: নিউটাউনে নিয়ন্ত্রণহীন ক্যাবের ধাক্কায় আহত ৬, ঘটনায় এলাকায় উত্তেজনা

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: সাতসকালে নিউটাউনের নবাবপুর মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই ঘটনায় এক পথচারী ও এক বাইক চালক-সহ মোট ছয় জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার তীব্রতায় এলাকায় কিছুক্ষণের জন্য চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: World Boxing championship champion Nikhat Zareen: প্যারিসসের ব্যর্থতা অতীত! তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুতগতির ক্যাব নিউটাউনের বিশ্ববাংলা সরণি ধরে বিশ্ববাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল। অভিযোগ, গাড়িটির গতি ছিল অত্যন্ত বেশি। নবাবপুর মোড়ে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মূল রাস্তা থেকে ছিটকে পড়ে সার্ভিস রোডে চলে যায়। প্রথমে একটি চলন্ত বাইকে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি। এরপর নিয়ন্ত্রণহীন অবস্থায় বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা কয়েক জন পথচারীর উপর গিয়ে পড়ে।

Oplus_16908288

এই ঘটনায় বাইক চালক এবং আশেপাশে থাকা অন্যান্য ব্যক্তিরা গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউটাউন ট্রাফিক পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার কাজে হাত দেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ক্যাবটিতে চালক ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

স্থানীয়দের দাবি, ওই গাড়িটির গতি অত্যধিক ছিল এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই এমন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। চালকের অসাবধানতা, অতিরিক্ত গতি নাকি অন্য কোনো যান্ত্রিক ত্রুটি এর জন্য দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় পুনরায় নিউটাউন এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক নজরদারি আরও কঠোর করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, নিয়মিত কড়া নজরদারি না থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।