নিউজ পোল ব্যুরো: আইএসএল (ISL) ঘিরে অচলাবস্থা কাটাতে এবার আসরে কেন্দ্রীয় সরকার। বলা ভাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিছুদিন আগে আইলিগের ক্লাব কর্তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গে দেখা করে ভারতীয় ফুটবল ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটানোর আবেদন করেন। এবারভারতীয় ফুটবলের বর্তমান সংকট নিরসনে নেওয়া হল বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্ট (Supreme Court) সমস্ত স্টেকহোল্ডারদের নির্দেশ দিয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে চলা জটিলতার সমাধান সূত্র বের করতে হবে।
আরও পড়ুন:
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, বিচারপতি এল নাগেশ্বর রাও এর রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী দুই সপ্তাহের মধ্যে আইএসএল শুরু করার পথ খুঁজে বের করতে হবে। এই অচলাবস্থা কাটানোর জন্য ক্লাব, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF), সম্ভাব্য দরদাতা এবং সরকারের প্রতিনিধিদের আলোচনায় বসার কথা বলা হয়েছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল-এর বাণিজ্যিক স্বত্ব বা ‘কমার্শিয়াল রাইটস’-এর জন্য কোনো বিডার বা দরদাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। এর ফলেই লিগ শুরু হতে দেরি হচ্ছে এবং বর্তমান অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আই লিগ ক্লাবগুলোর আইনজীবীরা আদালতে জানান যে, শুধুমাত্র আইএসএল নয়, নিচের ডিভিশনের লিগগুলোর ভবিষ্যতের কথাও ভাবতে হবে। আদালত আশ্বাস দিয়েছে যে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়া হবে, যেখানে নিম্নস্তরের ডিভিশন লিগগুলোর রোডম্যাপও অন্তর্ভুক্ত থাকবে।
আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে মধ্যস্থতা করার উদ্যোগ নিয়েছে। আগামী ৮ই ডিসেম্বরের আগেই এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সরকারের হস্তক্ষেপ এবং আদালতের কড়া নির্দেশের পর আশা করা হচ্ছে যে, ভারতীয় ফুটবলের এই সংকট খুব শীঘ্রই কেটে যাবে এবং খেলা আবার মাঠে গড়াবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি ঠিক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিল ইস্টবেঙ্গল। চিঠিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে লাল-হলুদ। সেখানে দেশের এক নম্বর লিগ আইএসএল এখনও শুরু না হওয়ায় সংশয় প্রকাশ করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, আইএসএল ভবিষ্যৎ নিশ্চিত না হওয়ায় ফুটবলার, ক্লাবকর্তা এমনকি, সমর্থকেরাও হতাশ। ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া সেই চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন। সেখানে লেখা হয়েছে, দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়ছে। এর সমাধান প্রয়োজন।
