ENG vs IND: লর্ডস জেতার পর দুঃসংবাদ ইংরেজ শিবিরে! মাথায় হাত বেন স্টোকসদের

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির (ENG vs IND)। চোটের কারণে সিরিজের মাঝপথেই ছিটকে গেলেন তরুণ স্পিনার শোয়েব বশির। তাঁর পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার লিয়াম ডসন।

আরও পড়ুন: Lord’s Test: হে লর্ডস, তোমার ঐতিহাসিক অনার্স বোর্ডে কি লেখা থাকবে তিন যোদ্ধার মহাকাব্যিক লড়াইয়ের উপাখ্যান?

লর্ডস টেস্টের (ENG vs IND) পঞ্চম দিনে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান বশির। বাঁহাতের একটি আঙুলে চিড় ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে চলা চতুর্থ টেস্টে তিনি খেলতে পারবেন না। একইসঙ্গে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ থেকেও ছিটকে গেলেন।

বশিরের অনুপস্থিতিতে ৩৫ বছর বয়সী লিয়াম ডসনকে দলে নিয়েছে ইংল্যান্ড। ২০১৭ সালে শেষবার টেস্ট খেলেছিলেন ডসন। তারপর দীর্ঘদিন লাল বলের ক্রিকেটে ব্রাত্য ছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে ভালো ছন্দের পুরস্কার হিসেবে ফিরে এলেন টেস্ট (ENG vs IND) দলে।

হ্যাম্পশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন ডসন। চলতি মরশুমে ব্যাট হাতে যেমন নির্ভরযোগ্য, তেমনি বল হাতেও কার্যকরী থেকেছেন তিনি। প্রথম শ্রেণির কেরিয়ারে এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি রান এবং ৩৫০-রও বেশি উইকেট রয়েছে তাঁর নামের পাশে।

ইসিবি (ECB)-র তরফে পুরুষ দলের জাতীয় নির্বাচক লুক রাইট জানিয়েছেন, “ডসন ডাক পাওয়ার যোগ্য। ঘরোয়া ক্রিকেটে ও অসাধারণ পারফর্ম করছে। দলে ওর ফেরাটা আমাদের স্পিন বিভাগে ভারসাম্য এনে দেবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=qlELhlYbnUDmYil0

ইংল্যান্ড এখন সিরিজে (ENG vs IND) ২-১ এগিয়ে। চতুর্থ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া বেন স্টোকসরা। সেই লক্ষ্যেই দলে আনা হয়েছে অভিজ্ঞ মুখ। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ৩১ জুলাই ওভালে শেষ টেস্ট দিয়ে পর্দা নামবে পাঁচ ম্যাচের সিরিজে।