Subhashree Ganguly: টলিউড তারকাদের নিয়ে পুরীতে সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’- মহাযাত্রা শুরু

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: উল্টো রথের সময়েই পুরীতে রাজ চক্রবর্তীর সঙ্গে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সেই সফরের রেশ কাটতে না কাটতেই ফের পুরীর পথে অভিনেত্রী এবার অবশ্য পুরো টিম নিয়ে। কারণ, শুরু হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর গুরুত্বপূর্ণ শিডিউল। শুভশ্রী, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত থেকে প্রযোজক রানা সরকার, সবাই হাজির ছিলেন পুরীতে।

আরও পড়ুন:Debasis Bhoumik: ‘ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক’- ডিবি ভৌমিকের কলমে ধরা দেবে সাহসী নারীর সমাজ বদলের কাহিনি!

সোমবার ছিল শিবপুজোর বিশেষ দিন। সেই উপলক্ষে পুরীর মন্দির চত্বরে জমেছিল উপচে পড়া ভিড়। সেই ভিড়েই দেখা গেল টলিউডের তারকাদের। মেকআপহীন সাদামাটা লুকে হাজির হয়েছিলেন শুভশ্রী (Subhashree Ganguly) সাদা সালোয়ার কামিজ, মাথায় ওড়না। তাঁর সঙ্গে ছিলেন ইশা সাহা (Isha Saha), যাঁর পরনে ছিল ফুলছাপা পাঞ্জাবি। প্রথমবার পুরীর মন্দিরে এসে জগন্নাথ দর্শনে আবেগতাড়িত হয়ে পড়েন ইশা ও ইন্দ্রনীল। আলাদা আলাদাভাবে সকলে পুজো দিলেন, মাথায় জল ঢেলে শিবের আরাধনাও করলেন অভিনেতারা।

পুজোর পর সকলে মিলে খেলেন পুরীর বিখ্যাত ‘ভোগ’ ও মন্দির চত্বরে বসে পায়েস, মালপোয়া, ঘি-ভাজা পদে চেটেপুটে খেলেন সকলে। শুভশ্রী নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই মুহূর্তের কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে তিনি পাতে সাজানো ভোগ খাচ্ছেন মন দিয়ে। ভোগ খেতে খেতেই কেউ কেউ পরিকল্পনা করছেন, এই খাবার কলকাতাতেও নিয়ে যাওয়ার। সোমবার পুজো, আর মঙ্গলবার থেকেই পুরীর সমুদ্রসৈকতে শুরু হয়েছে সৃজিতের ছবির শ্যুটিং। যিশু সেনগুপ্ত ও রজতাভ দত্ত তাঁদের চরিত্রে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। শুভশ্রী (Subhashree Ganguly) ফিরেছেন বিনোদিনীর ভূমিকায়। কলকাতায় একপ্রস্থ শ্যুটিং সেরে এবার পুরীতে চলছে ছবির শেষ পর্বের কাজ।

‘লহ গৌরাঙ্গের নাম রে’ হল সৃজিত মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকে তিনটি সময়কালে তুলে ধরা হচ্ছে। টলিউডের অন্যতম শক্তিশালী তারকা-দলের এই প্রযোজনা নিঃসন্দেহে বছরের বহুল প্রতীক্ষিত ছবি। আর সেই ইতিহাস ও ভক্তিভাবনা মিশ্রিত কাহিনি ফুটিয়ে তুলতেই গোটা টিম নিয়ে পুরীতেই হাজির ক্যাপ্টেন সৃজিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT