India vs South Africa Oneday team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে ভারতের অধিনায়কত্ব করবেন কে এল রাহুল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ানডে (One Day) সিরিজের (Series) জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়ে দলের বাইরে থাকা শুভমান গিলের (Shubhman Gill) অনুপস্থিতিতে কে এল রাহুলকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হবে। তিনটি ম্যাচ হবে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন: Women’s T20 World Cup for the Blind: ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চলতি টেস্ট সিরিজের মাঝেই একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল (KL Rahul)। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে বিরাট (Virat Kohli), রোহিতদের (Rohit Sharma) দল নিয়ে আরও এক জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছিল। শোনা গিয়েছিল, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে পারে মহম্মদ শামির। তবে দল ঘোষণা হতেই বদলে গেল গোটা চিত্র। এবারেও ভারতীয় দলে উপেক্ষিত শামি।

চোট কাটিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ফিরেছিলেন ঋষভ পন্থ। বর্তমানে গিলের অনুপস্থিতিতে তিনিই ভারতের লাল বলের অধিনায়ক। এবার সেই পন্থও জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে। এখানে অবশ্য তাঁকে বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই রাখা হয়েছে। একই সাথে টেস্ট দল থেকে বাদ পড়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দলে জায়গা পেলেন নীতিশ কুমার রেড্ডি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে ভারতীয় দলে প্রত্যাবর্তন হল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়ের।

গিলের সঙ্গে ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও ইনজুরি থেকে সেরে ওঠার লড়াই করছেন। তাদের অনুপস্থিতিতে রাহুল নেতৃত্ব দেবেন। শেষবার ওয়ানডেতে ভারতের অধিনায়কত্ব তিনি করেছিলেন ২০২৩ সালে। দক্ষিণ আফ্রিকাকে ওই সিরিজে ২-১ এ হারিয়েছিল তার দল। সব মিলিয়ে ১২টি ওয়ানডেতে ভারতের অধিনায়ক ছিলেন রাহুল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋশভ পান্ত (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, ধ্রুব জুরেল।